হরতালে ১৮ যানবাহনে আগুন, ৪০০০ রাউন্ড গুলি,শতাধিক টিয়ারশেল নিক্ষেপ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৭:৪১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহসড়কে রবিবার হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে প্রায় ১৮টি ট্রাক-কার্ভাডভ্যানসহ গাড়ি পোড়ানো হয়েছে। হরতালে পুলিশ-হেফাজতের সংঘর্ষে আহত হয়েছে পুলিশের ৮-১০জন সদস্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০০০ রাউন্ড গুলি (রাবার,সিসা,চাইনিজ রাইফেল) ছুড়েছে পুলিশ। এ সময় প্রায় এক থেকে দেড়শ টি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়।
সোমবার (২৯ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে এ ঘটনায় পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবহন মালিকরা সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তবে সোমবার বেলা সাড়ে ১২টায় এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে ঢাকা,চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হতাহতের ঘটনার প্রতিবাদে হেফাজত ইসলামের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৮ টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। পুড়িয়ে দেয়া গাড়ির মধ্যে রয়েছে ৯ টি বড় ট্রাক, ৫টি কার্ভাডভ্যান, ছোট কার্ভাডভ্যান ১টি, বিআরটিসি বাস ১টি, নোয়া ১টি,হাইয়েস গাড়ি ১টিসহ ১৮ টি গাড়ি পোড়ানো হয়েছে।
এছাড়া ২টি ট্রাকের গ্লাস ভাঙচুর ও চ্যানেল নিউজ ২৪ এর গাড়িসহ শতাধিক গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এর আগে সকাল থেকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ফেলে টায়ার, বেঞ্চ জ্বালিয়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ সময় মহাসড়কে যানবাহন চলাচল সচল করতে হরতালকারিদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে তারা। এ সময় হেফাজত- পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে পুলিশের প্রায় ৮-১০ জন সদস্য আহত হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪০০০ রাউন্ড গুলি (রাবার,সিসা,চাইনিজ রাইফেল) ও প্রায় এক থেকে দেড়শ টি কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।


