Logo
Logo
×

নগরের বাইরে

সাজ্জাত হত্যার বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে মা  

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৯:১১ পিএম

সাজ্জাত হত্যার বিচারের দাবীতে দ্বারে দ্বারে ঘুরছে মা  
Swapno

রূপগঞ্জে মাদকসেবীদের দাবিকৃত একমাত্র সম্বল অটো রিকসাটি দিতে রাজি না হওয়ায় সাজ্জাত হোসেন (২২) নামের এক অটো রিকসার চালককে ইট-হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত সাজ্জাতের মা রানী বেগম। অভিযুক্তরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ালেও ভয় ও আতঙ্কে মুখ খুলতে পারছেন না তিনি। হত্যাকারীদের বিচার চেয়ে মা রানি বেগম প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।


 
গত ৩ এপ্রিল রাতে নিখোঁজ হয় রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ গ্রামের তোঁতা মিয়া হাওলাদারের ছেলে সাজ্জাত হোসেন। ৭ এপ্রিল বুধবার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশে পোনাব এলাকায় সাত্তার কোম্পানীর ছেলে আব্দ্লু লতিফের একটি পরিত্যক্ত ইটের ভাটার পরিত্যক্ত বিল্ডিংয়ের একটি রুমের মধ্যে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ।


 
মা রানী বেগম জানান, তিনি স্থানীয় একটি বে-সরকারী হাসপাতালে আয়ার কাজ করেন। তার স্বামী তোতা মিয়া তার দ্বিতীয় সংসার নিয়ে থাকেন। তিনি প্রথম স্ত্রী। তার এক ছেলে কালাম মিয়া বিয়ে করে অন্যত্র বসবাস করছে। অন্য ছেলে সাজ্জাতকে নিয়ে তিনি মিয়াবাড়ির নাজিম উদ্দিনের বাড়িতে বসবাস করেন। এক বছর আগে তিনি সাজ্জাতকে উপার্জনের উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত অটোরিকসা কিনে দেন।


 
তিনি অভিযোগ করেন পাঁচাইখা গ্রামের মৃত আলমাছের ছেলে রাসেল ও খালপাড় এলাকার কামরুল ইসলামসহ তাদের সহযোগিরা এলাকায় মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকা- করে। তারা প্রায়ই সাজ্জাতের অটোরিকসা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। না যেতে চাইলে প্রাণনাশের হুমকি দিতো। বেশ কিছু দিন আগে তারা সাজ্জাতের অটোরিকসাটি তাদেরকে দিয়ে দিতে বলে। আর এ বিষয়টি সাজ্জাত তার মাকে জানান।


 
তিনি দাবি করেন, ৩ এপ্রিল রাতে ওই মাদকসেবীরা সাজ্জাতকে নিয়ে অটোরিকসা যোগে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আর ওই রাতেই অটোরিকসাটি ছিনিয়ে নিতে সাজ্জাতকে শ্বাসরোধ করে ও ইট-হাতুড়ি পেটা করে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশের ঐ জায়গায় হাত-পা বেধে লেপ-তোষক দিয়ে ঢেকে রাখে। ৭ এপ্রিল রূপগঞ্জ থানা পুলিশ সাজ্জাতের মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরনে থাকা প্যান্ট, গামছা, গেঞ্জি, বেল্ট, জুতা ও দেহ দেখে ছেলের লাশ শনাক্ত করেন। এখন পুলিশ কি ব্যবস্থা করলো তা তিনি জানেন না। ছেলে হত্যার বিচার চেয়ে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জাগায় ঘুরে বেড়াচ্ছেন রানী বেগম।


 
স্থানীয়রা জানান, মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী। এরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মাদকসেবীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হবে বলে তাদের ধারণা।


 
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর মামলা করার জন্য কাউকে না পেয়ে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি গুম ও হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয় রূপগঞ্জ থানার উপপরিদর্শন হুমায়ুন কবির। এখন সাজ্জাতের মায়ের সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন