রূপগঞ্জে করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন আক্রান্ত ৭
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৯:০৫ পিএম
রূপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আওলাদ হোসেন মোল্লা (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭ জন। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৭২ জন। শুক্রবার বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই কবির হোসেন মোল্লা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১১ এপ্রিল উপজেলার কাঞ্চন উত্তরপাড়া এলাকার মরহুম সিরাজুল ইসলাম মোল্লার ছোট ছেলে ব্যবসায়ী আওলাদ হোসেনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মৃত্যু বরণ করেন। শুক্রবার দুপুরে কাঞ্চন চৌধুরীপাড়া সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে রূপগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুন বলেন, নতুন করে আরো এক ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনেছি। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭ জন। এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৭২ জন। মোট মৃত্যু বরণ করেছে ১৬ জন। তিনি আরো বলেন, এ উপজেলায় প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে করোনার সংক্রমণ বেড়েই চলছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্যবিধি মানা খুব বেশি জরুরী। এখন সকলের উচিত সরকার ঘোষিত কঠোর লকডাউন মেনে অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া।


