রূপগঞ্জে মানবতার সেবায় রংধনু গ্রুপের জনবান্ধব গাড়ি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৯:৩৭ পিএম
‘স্বল্প মূল্যে তাড়াতাড়ি, খাবার যাবে আপনার বাড়ি’ এই শ্লোগানে রূপগঞ্জে রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের নির্দেশে রমজান মাসজুড়ে মানবতার সেবায় খাদ্য সামগ্রী বিতরণে এ পর্যন্ত উপজেলার ৫০ হাজার বাসিন্দাকে খাদ্যসেবা দিয়েছে রংধনু গ্রুপের ‘জনবান্ধব গাড়ি’।
বাজার মূল্যের অর্ধেক দামে খাদ্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান। যা মানবতার এক অনন্য দৃষ্টান্ত তৈরী করেছে।
এলাকাবাসী জানায়, নিন্ম আয়ের মানুষকে বাজার মূল্যের অর্ধেক মূল্যে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে রমজান মাসজুড়ে ইফতার ও খাবারের সামগ্রী নিয়ে রংধনু গ্রুপের ‘জনবান্ধব গাড়ি’ সমগ্র উপজেলায় এ কর্মসূচির আয়োজন করে। রমজান শুরুর আগের দিন থেকে এই গাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫০ হাজার পরিবারকে বাজার মূল্যের অর্ধেক দামে চাল, ডাল, তেল, ছোলা, আলু ও পিয়াজ দিয়ে আসছে। রবিবার সকালেও তারাবো পৌরসভার পৌরবাজারের দক্ষিণপাড়া, হাটিপাড়া বৌ বাজার, বরপা, শান্তি নগর, বরাবো, কান্দাপাড়া, রূপসী ও মাসাবো এলাকায় জনবান্ধব কর্মসূচির কয়েকটি গাড়ি কর্মসূচিতে অংশ নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় রংধনু গ্রুপের এমন কার্যক্রম বলে জানান চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাসের প্রকোপে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। এ কারনে গত সপ্তাহে ২০ হাজার পরিবারকে বিনামূল্যে খাদ্য সহায়তা দিয়েছে রংধনু ও বসুন্ধরা গ্রুপ। শুধু করোনাভাইরাস নয়, প্রতিটি দুর্ভোগ-দুর্যোগে রূপগঞ্জবাসীর পাশে ছিল রংধনু গ্রুপ। আগামী দিনেও এই ধারাবাহিকতা ধরে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


