পরিত্যক্ত হচ্ছে ফতুল্লা ইউনিয়ন এলাকা, নেই নির্বাচিত চেয়ারম্যান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ০৪:৫০ পিএম
যত দিন যাচ্ছে ততোই পরিত্যাক্ত হচ্ছে ফতুল্লা ইউনিয়ন এলাকা। এই ইউনিয়নটি এখন দুটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। এর একটি হলো দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে এই ইউনিয়নে কোনো নির্বাচন হচ্ছে না। আর দ্বিতীয়টি হলো উন্নয়ন বঞ্চনা। ফতুল্লা ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই এবং পাঁচটি ওয়ার্ডে নেই কোনো মেম্বারও। জানা গেছে দীর্ঘ দেড় যুগ নির্বাচন না হলেও ফতুল্লা থানায় এখনো নির্বাচন করার কোনো চেষ্ঠাও নেই।
বর্তমানে ইইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন সাবেক মেম্বার লুৎফর রহমান স্বপন। এছাড়া নয়টি ওয়ার্ডের মাঝে পাঁচটিতেই কোনো মেম্বার নেই। তাই জনগণের দুঃখ দুর্দশা দেখারও কেউ নেই। তবে এলাকাবাসী মনে করেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান আন্তরিক হলে আরো অনেক আগেই এখানে নির্বাচন হতো। কিন্তু তিনি মোটেও আন্তরিক নন। তাই যা হবার তাই হচ্ছে।
নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এলাকাটিতে কাঙ্খিত কোনো উন্নয়ন হচ্ছে না। আরো অনেক আগে থেকেই ফতুল্লা ইউনিয়নে উন্নয়নে ধস নেমেছে। এই ইউনিয়নটি পুরোটাই ডিএনডি বাধের ভেতরে। তাই পুরো বর্ষাকাল জুরে এখানে ভয়াবহ জলাবদ্ধতা হয়। টানা পাঁচ মাস গোটা ফতুল্লা ইউনিয়ন এলাকা বর্ষার পানিতে ডুবে থাকে। এতে ডুবে যায় সাধারণ মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু। ফল গোটা ইউনিয়ন এলাকাটি একটি পরিত্যাক্ত এলাকায় পরিনত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ফতুল্লা ইউনিয়নে আর কয়েক বছর পর কোনো মানুষ বাস করতে পারবে না।
এছাড়া ইউনিয়নে পরিকল্পিত কোনো রাস্তা বা ড্রেনও নির্মাণ করা হচ্ছে না। ফলে যখনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপনকে এ বিষয়ে জিজ্ঞাস করা হয় তিনি কোনো জবাব দিতে পারেন না। বরং তিনি সব সময় তার অসহায়ত্ব প্রকাশ করেন। তাই ইউনিয়নবাসীর মতো যেখানে শামীম ওসমানের মতো বড় মাপের একজন নেতা তাদের এমপি, সেখানে কোনো কাজ হবে কেনো। কেনো সেখান টানা আঠারো বছর কোনো নির্বাচন হবে না। জলমগ্ন থাকবে কেনো এলাকা? অসহায় ফতুল্লা ইউনিয়নবাসী এসব প্রশ্নের কোনো জবাব খুজে পাচ্ছে না।


