১ কোটি ২৫ লাখ টাকার চোরাই শাড়ীসহ গ্রেফতার-১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ মে ২০২১, ০৭:২৮ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই শাড়ী ও লেহেঙ্গাসহ মোঃ আবুল কালাম (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০। এসময় তার কাছ থেকে বিপুল পরিমানে শাড়ী ও লেহেঙ্গা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
এছাড়া তার সাথে থাকা ৩’টি মোবাইল, নগদ ১১ হাজার ৭’শ ৮০ টাকা ও চোরাইকৃত মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। বুধবার (৫ মে) রাত সাড়ে ১১’টায় র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (৪ মে) সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


