Logo
Logo
×

নগরের বাইরে

অনলাইনে আইপিএল জুয়ায় অর্থ আত্মসাত, গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মে ২০২১, ০৭:১৮ পিএম

অনলাইনে আইপিএল জুয়ায় অর্থ আত্মসাত, গ্রেফতার ২
Swapno

আড়াইহাজার এবং রূপগঞ্জ থেকে মো. শহীদুল ইসলাম (৩৪) ও  মো. হোসেন গাজী (২৫) নামের অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

গতকাল শুক্রবার (৭ মে) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, বৃহস্পতিবার জেলার আড়াইহাজার উপজেলার প্রভাকরদী বাজার এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট মো. শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে গ্রেফতারকৃত শহীদুলের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার সাওঘাট এলাকায় অভিযান চালিয়ে অনলাইনজুয়া চক্রের অপর এজেন্ট মো. হোসেন গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকেও অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

 

র‌্যাব-১১ আরো জানায়, চলমান জনপ্রিয় ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এলাকায় কিছু অনলাইন জুয়ার এজেন্ট উঠতি বয়সী তরুণদের জুয়া খেলায় প্রলুুব্ধ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইটে নামে বেনামে আইডি খুলে এবং ক্রিকেটপ্রেমী তরুণদের ক্রিকেট ম্যাচ কেন্দ্রিক বাজিতে অংশগ্রহণে প্ররোচিত করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে নিচ্ছে।

 

কয়েকজন ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে গভীর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চক্রের সক্রিয় দুই জুয়ার এজেন্টকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরকারী অনুমোদনবিহীন বিভিন্ন ই-ট্রানজেকশনের সাইটে আইডি খুলে অবৈধভাবে আর্থিক লেনদেন চালাতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ধরণের চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন