নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো দক্ষিণ পাড়া এলাকা থেকে চলন্ত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ মাসুদ পারভেজ ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাব -১১।
শুক্রবার (৭ মে) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাব-১১ সিপিএসসি কোম্পানী কমান্ডার মোঃ জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে রাত ৮টায় চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১ হাজার ৬শত ৩৫ টাকা উদ্ধারসহ চাঁদাবাজ মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুদ পারভেজ ভূঁইয়া’কে পূর্বেও চাঁদাবাজির দায়ে একই স্থান হতে ০৭ বার র্যাব গ্রেফতার করে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ সংঘটনে জড়িত থাকায় তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় প্রায় ১০টি মামলা রয়েছে বলেও জানা যায়।


