Logo
Logo
×

নগরের বাইরে

বাড়িওয়ালাকে অচেতন করে স্ত্রীকে খুন, ভাড়াটিয়া দম্পতির পলায়ন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২১, ০৫:৫৩ পিএম

বাড়িওয়ালাকে অচেতন করে স্ত্রীকে খুন, ভাড়াটিয়া দম্পতির পলায়ন
Swapno

সোনারগাঁয়ে বাড়িওয়ালাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে স্ত্রী হোসনে আরা বেগম (৫০)কে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়েছে ভাড়াটিয়া দম্পতি। শনিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হোসনেআরা বেগম ঝাউচর গ্রামের আজিমউদ্দিনের স্ত্রী। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

নিহত হোসনেআরার ছেলে আল আমিন জানায়, রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা স্থানীয় একটি কারখানায় চাকুরি করতো। পাচঁ মাস আগে তারা আমাদের বাড়ির ভাড়াটিয়া হিসেবে আসে। ভাড়াটিয়া হারুনের সাথে আমার বাবার সুসম্পর্ক গড়ে উঠে। বিশ্বস্ত হওয়ায় ঐ দম্পতি আমাদের বাসায় নিয়মিত যাতায়াত করতো। আমার মা কোথায় টাকা পয়সা ও স্বর্ণালংকার রাখে তা সবই তারা জানতো।

 

শনিবার রাতে ভাড়াটিয়া হারুন অর রশিদ আমার বাবা ও মায়ের সঙ্গে গল্প করার এক পর্যায়ে কৌশলে ঘুমের ঔষধ খাইয়ে দেয়, এতে আমার বাবা অচেতন হয়ে যায়। পরে আমার মাকে তারা শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

 

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘুমের ঔষধ খাইয়ে বাড়িওয়ালাকে অচেতন করে তার  স্ত্রী হোসনে আরা বেগমকে শ্বাসরোধের মাধ্যমে হত্যার পর ভাড়াটিয়া দম্পতি পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন