বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পেল ৩’শ সুবিধাবঞ্চিত মানুষ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ মে ২০২১, ০৭:৫৫ পিএম
নারায়ণগঞ্জে বসুন্ধরা গ্রুপের ঈদ উপহারসামগ্রী পেয়েছে ৩০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। ঈদকে সামনে রেখে এই সাহায্য পেয়ে উপস্থিত সকলেই সন্তুষ্টি প্রকাশ করে। গতকাল সোমবার বিকেলে কালের কণ্ঠ শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, ছোলা ও সেমাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন, হরিহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রতনসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বৃহত্তম এই শিল্পগোষ্ঠী প্রথম থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি কালের কণ্ঠ পরিবার তথা বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই। বসুন্ধরা গ্রুপের মত অন্যান্য শিল্প গোষ্ঠী ও ব্যক্তিবর্গকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে ডিসি বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করি তাহলে দেশ আরও এগিয়ে যাবে।
ঈদের আগে এসব ঈদ সামগ্রী পেয়ে হরিহরপাড়া আমতলার বাসিন্দা নাজমা বেগম কালের কণ্ঠকে বলেন, করোনার এই সংকটে বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছে এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।
শীষমহলের গৌরাঙ্গ মন্ডল কালের কণ্ঠকে বলেন, অনেকদিন ধরে কাজ নাই। তাই দু:খ কস্টে আছি। বসুন্ধরা গ্রুপের এই উপহার কিছুদিন হলেও দেহের ও মনের সাহস যোগাবে।
স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির প্রতিবন্ধী ছাত্রী সুবর্ণা আক্তার কালের কণ্ঠকে বলে, অনেক দিন ধইরা বাবার কাজ নাই। ভাইবোনরা মিল্ল্যা কোনমতে খেয়ে না খেয়ে বাঁইচ্যা আছি। বসুন্ধরা গ্রুপের উপহার পাইয়া অনেকটাই উপকার হইব।
কালের কণ্ঠ শুভসংঘ নারায়ণগঞ্জের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, নেসারউদ্দিন, শুভংঘের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ার আমির হোসেন, দিলীপ কুমার দাস, উত্তম সাহা, সুশীল দাস, আল মামুন, সুমন দাস, আল মনির, সাইফুদ্দিন পিন্টু, মো. শাহজাহান, সাখাওয়াত হোসেন, দিলীপ কুমার দাস, অ্যাডভোকেট ইমন, কামাল হোসেন, আনন্দ দাসসহ শুভসংঘের সদস্যবৃন্দ।


