সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াপদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি ড্রাম ভর্তি ২,৫২০ লিটার চোরাই ডিজেলসহ চোরাই চক্রের সক্রিয় সদস্য মোঃ শাহজাহান (৪৮)কে গ্রেফতার করে র্যাব-১১। এ সময় চোরাই কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
শনিবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর র্যাব-১১ সিপিএসসি কোম্পানী কমান্ডার মোঃ জসিম উদ্দিন চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে যা বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর ও অনুসন্ধানী রিপোর্টে উঠে আসে। এই ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়।
এই সিন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামী পলাতক আসামীর পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে। এই চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


