শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে জেলা ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ জুন ২০২১, ১০:১৩ পিএম
সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।
সোমবার (৭ জুন) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইন’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক মুফতী মাসুম বিল্লাহ।
তিনি বলেন, দূর্ভাগ্যজনক হলেও সত্য বারবার বলার পরেও সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে না। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো করোনায় বিপর্যস্ত হবার পরও স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে। অথচ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিগত বছর থেকে বন্ধ হয়ে আছে। যার দরুন শিক্ষা ব্যবস্থার আজ রীতিমতো ভঙ্গুর দশা। করোনার কারণে সাধারণ মানুষের যেই অর্থনৈতিক দৈন্যদশা চলছে তার উত্তোরণের জন্যও সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। প্রশাসনের সকল সেক্টরগুলোতে আজ বিশৃঙ্খল অবস্থা পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদাসীনতার কারনে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। শিক্ষাব্যবস্থার এহেন কার্যকলাপ আগামীতেও চলমান থাকলে এদেশের শিক্ষাব্যবস্থা অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।
.
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান বলেন, শুরু থেকেই সঠিক পরিকল্পনা থাকলে সরকার শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রয়োগ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করতে পারতো। কিন্তু তা না হওয়ায় শিক্ষার্থীরা এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। যার দরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে সেশনজটের শিকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা যাচাই না করেই অটো পাশ দিয়ে শিক্ষাব্যবস্থায় পেরেক ঠুকে দেয়া হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাদক এবং ইন্টারনেটভিত্তিক আসক্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। সারা বাংলাদেশের সকল অর্থনৈতিক ও বিনোদনমূলক প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয়া সরকারের একটি খেয়ালিপনা ছাড়া আর কিছুই হতে পারেনা। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
.
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার জয়েন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নাঃগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নাঃগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, জাতীয় শিক্ষক ফোরাম নাঃগঞ্জ জেলার সাধারন সম্পাদক কারী রেজাউল করিম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী,দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলী, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমিন ও আজাদ আহমেদ প্রমুখ।


