ফতুল্লায় কভার্ডভ্যান চাপায় ২ জন নিহত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ জুন ২০২১, ১১:৩২ পিএম
ফতুল্লায় দ্রুত গতির কভার্ডভ্যান চাপায় ২ অটোরিক্সা আরোহি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১জন। শনিবার (১৯ জুন) দুপুরে ফতুল্লা থানার মাসদাইর এলাকার আমেনা গার্মেন্টসের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হাসেম আলীর পুত্র আব্বাস আলী(৫২) ও একই গ্রামের মৃত চান মিয়ার পুত্র আফাজ উদ্দিন(৫৭)। এছাড়াও আহত হয়েছেন অটোরিক্সা চালক মিজান মিয়া। এ ঘটনায় কভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ। আটককৃত চালক বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার কাদিরাবাদের বিল্লাল মল্লিকের পুত্র মোঃ রাসেল (৩৫)।
জানা যায়, শনিবার দুপুর তিনটায় অটোরিক্সায় যোগে নারায়নগঞ্জ যাবার পথে মাসদাইর চৌধুরী কমপ্লেক্সে সংলগ্ন আমেনা গার্মেন্টসের সামনে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন ১৭-৭৯৬২) সামনে থেকে অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্থানীয়রা অটোরিক্সা যাত্রী আব্বাস আলী ও আফাজ উদ্দিন সহ অটোরিক্সা চালককে রক্তাক্ত অবস্থায় প্রথমে শহরের জেনারেল ( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আব্বাস আলী ও আফাজ উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক সহ চালক রাসেল কে আটক করেছে পুলিশ।


