সোনারগাঁয়ে ডাকাত সর্দার সেন্টু গ্রেপ্তার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৯:৫৩ পিএম
বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ ডাকাত সর্দার বাবুল হোসেন ওরফে সেন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার বাবুল হোসেন ওরফে সেন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। ডাকাত সর্দার বাবুল হোসেন ওরফে সেন্টু সোনারগাঁ উপজেলার লালপুর এলাকার রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্সের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে একটি ডাকাতদল ডাকাতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত সর্দার সেন্টুকে গ্রেপ্তার করা হয়। শীর্ষ ডাকাত সর্দার সেন্টুর বিরুদ্ধে বিগত ২০১৫ সাল থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫টি মামলা রয়েছে। সে তার সহযোগী ডাকাতদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি এবং ছিনতাই করে থাকে।
এছাড়া সোনারগাঁ থানা এলাকাসহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় বাড়িতে ডাকাতি করে। রাতে দড়িকান্দি এলাকায় ডাকাত সর্দার সেন্টুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তার ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং পুলিশের সামনেই তাকে গলধোলাই দেয়। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বাবুল হোসেন ওরফে সেন্টু ডাকাতকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।


