Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার কালিয়ানি খাল খনন করছে ‘নাসিক’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৮:৫৩ পিএম

ফতুল্লার কালিয়ানি খাল খনন করছে ‘নাসিক’
Swapno

মেয়রের নির্দেশে আমরা এই খনন কাজ শুরু করেছি- নাসিকের নির্বাহী প্রকৌশলী

 

ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদের বিসিক শিল্প নগরী ও বারৈড়বোগসহ বেশ কয়েকটি ঘনবসতীপূর্ণ এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে শত বছরের পুরনো কালিয়ানি খাল। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার সাথে সংযোগ থাকায় এই খাল দিয়েই ফতুল্লার নিন্মাঞ্চলীয় বিভিন্ন এলাকার পানি নদীতে গিয়ে পড়ার কথা। তবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বড় বড় শিল্প প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রভাবশালীদের দখলদারীত্বের ফলে এই খালটি এখন অনেকটাই নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। পাশাপাশি রাঘববোয়ালদের লোভের জন্যে ‘কালিয়ানি’ নিজে কোন দোষ না করেও, লাখো মানুষের ভোগান্তীর কারণ হয়ে দাড়িয়েছে।

 

জানা যায়, দখল দূষনে বিপন্ন কালিয়ানি খালের বিষয়ে পত্রপত্রিকায় এ পর্যন্ত অসংখ্য সংবাদ প্রকাশ করা হলেও খালটিকে দখলমুক্ত ও পুনরায় খনন না করায় বর্ষাকালের অতিবৃষ্টিতে তৈরী কৃত্রিম জলাবদ্ধতায় ভোগে খাল-সংলগ্ন বিভিন্ন এলাকার লোকজন। এরমধ্যে বিসিক শিল্প নগরীর পোশাক কারখানাগুলোতে কাজ করতে আসা শ্রমিকদের ভোগান্তীর কথাতো সকলেরই জানা। বর্ষা এলে প্রতিবছর; কখনো হাটু সমান আবার কখনো কোমড় সমান পানি ভেঙে কাজে যেতে হয়, বিসিকের কয়েক লাখ শ্রমিককে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই জলাবদ্ধতা শুধু ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি।

 

ফতুল্লা পেরিয়ে এই জলাবদ্ধতার কারণে এখন প্লাবিত হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরও বেশ কয়েকটি এলাকা। কারণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র- ১ আফসানা আফরোজ বিভার দাবি, কালিয়ানি খালের পর্যাপ্ত গভীরতা না থাকা ও খালটি অতিরিক্ত সরু হওয়ার দরুন, এনায়েত নগর ইউনিয়নের বৃষ্টি পানি খাল দিয়ে বের হতে পারেনা। এতে এখানে প্রচুর পরিমানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এই পানিতে আমাদের নাসিকের মাসদাইর এবং গলাচিপার অধিকাংশ এলাকাও এখন প্লাবিত হচ্ছে।

 


তাই এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে কালিয়ানি খালে খনন কাজও শুরু করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। গতকাল (২৪ জুন) বিসিক শিল্প নগরীর পূর্ব দিকে অবস্থিত ১ নং গেইটের পাশ দিয়ে বয়ে চলা খালে একপ্রান্তে এই খনন কাজ শুরু করে নাসিক। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, নাসিকের ১ নং প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভাসহ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খনন কাজ চলাকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন বলেন, বিসিক এবং এর আশপাশের বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে এই খালটি পরিষ্কার করা খুবই জরুরী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাহিরের এলাকা হলেও আমরা আজকে মেয়রের নির্দেশে এই খালটি খনন করতে আসছি। এনায়েত নগর ইউনিয়নের মধ্যে আমরা কাজ শুরু করেছি, এই কাজ আরো বেশ কয়েকদিন চলবে। আশা করি এই কাজগুলো শেষ হলে এসব এলাকার পানিগুলো চলে যাবে।

 


আর নাসিকে ১ নং প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা বলেন, জলাবদ্ধতা নিরসনে আজকে আমরা ফতুল্লার এনায়েত নগর ইউনিয়ন পরিষদে এসেছি, যদিও এই এলাকাটি আমাদের সিটি করপোরেশনের অর্ন্তভুক্ত নয়। মূলত ফতুল্লা ইউনিয়ন পরিষদের কালিয়ানি খালের পর্যাপ্ত গভীরতা না থাকায়, এই খালের পানিগুলো আমাদের সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে নাসিকের গলাচিপা ও মাসদাইর এলাকা সামান্য বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে। অথচ আমাদের সিটি করপোরেশনে প্রচুর ড্রেনের কাজ হচ্ছে। আসলে শহরের পানি কিন্তু ইউনিয়নে আসছে না, ইউনিয়নের পানিই সিটি করপোরেশনে ঢুকছে। তাই মেয়রের নির্দেশে আজকে আমরা এখানে খাল খননের কাজ শুরু করেছি। এটা ১ মাস লাগুক আর ২ মাস লাগু, এর কাজ আমরা শেষ করে যাবো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন