Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজকে হত্যাচেষ্টার মামলা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুন ২০২১, ১০:৩৭ পিএম

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজকে হত্যাচেষ্টার মামলা
Swapno

দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রূপগঞ্জ পদে কর্মরত রিয়াজ হোসেনকে হত্যাচেষ্টার মিশনে ছিল ৫ জন। রিয়াজকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে মাটিতে লুটিয়ে পড়ে রিয়াজ। পরে রিয়াজ অচেতন হয়ে পড়লে তাকে মৃত মনে করে হত্যাচেষ্টাকারী সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পরে রিয়াজের জ্ঞান ফিরলে সে তার ছোট ভাইয়ের মুঠোফোনে কল করলে স্বজনরা ছুটে এসে রিয়াজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে রিয়াজ হোসেন। এই ঘটনায় ২৪ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা করেছেন সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট ভাই মো: তাইজুল ইসলাম।  মামলার আবেদনে তাইজুল ইসলাম উল্লেখ করেন, তার মেঝো ভাই রিয়াজ হোসেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রূপগঞ্জ পদে কর্মরত রয়েছেন। গত ২১ জুন রিয়াজ হোসেন তার সহকর্মী দৈনিক মানবজমিনের সাংবাদিক জয়নাল আবেদীন জয়, তার বন্ধু মাসুদ চৌধুরী ও জামাল হোসেনকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় গিয়েছিল।

 

পরে ২২ জুন রাত ১২টা ৫ মিনিটের দিকে রিয়াজকে তার বন্ধুরা বাড়ির অদূরে কাঞ্চন বাজারে জনৈক সানাউল্লাহ মান্নান সানির ডিস অফিসের সামনের রাস্তায় নামিয়ে দেয়। সেখান থেকে রিয়াজ পায়ে হেটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে কাঞ্চন খাপাড়া এলাকার জনৈক নায়েব আলীর বাউন্ডারীর সামনে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী রিয়াজকে আটকে এলোপাথারী মারধর করতে থাকে। এসময় এক সন্ত্রাসী তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে খুন করার উদ্দেশ্যে রিয়াজের মাথায় সজোরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে রিয়াজ মাটিতে লুটিয়ে পড়ে। রিয়াজ অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা রিয়াজকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।

 

প্রায় ১৫ মিনিট পরে রিয়াজের জ্ঞান ফিরলে সে তার ছোট ভাইয়ের মুঠোফোনে কল করে ঘটনাটি জানালে স্বজনরা এসে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেও রিয়াজের অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে রিয়াজ  ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।  

 

মামলার আবেদনে আরো উল্লেখ করা হয়, গত কয়েক মাস ধরে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় কাঞ্চনসহ রূপগঞ্জের বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছিল রিয়াজ হোসেন। প্রকাশিত সংবাদের জের ধরে সন্ত্রাসীরা রিয়াজকে প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকী দিয়ে আসছি। সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে রিয়াজকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে তাইজুল ধারনা করছেন।

 

উল্লেখ্য হামলার পরবর্তী সময়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে ঘটনার পরপরই উক্ত রাস্তা দিয়ে ৩ জন পলায়ন করছে। তবে তাইজুল তাদেরকে চিনেন না বলে আবেদনে উল্লেখ করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনকে হত্যাচেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেফতারে তৎপর রয়েছে। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতাও নেওয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই হত্যচেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হবো। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন