ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী বোদেন স্বপন অবশেষে র্যাবের হাতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার হয়েছে। শনিবার ভোর সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মতিয়ারা মঞ্জিলে র্যাব-৩ এর সদস্যরা অভিযান চালালে, বোদেনের ঘরে থাকা ফ্রিজের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করে। এছাড়াও ঐ বাসা থেকে মাদকও উদ্ধার করে র্যাব। বোদেন স্বপন দাপা ইদ্রাকপুর এলাকায় অনেক বছর যাবৎ অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে এলাকাবাসী।
তবে ফতুল্লা মডেল থানার শীর্ষ মাদক বিক্রেতা হয়েও মাদক বিক্রেতা বা শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকায় তার নাম নেই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। বোদেন স্বপন ফতুল্লার দাপা এলাকার একজন মূর্তিমান আতংক। বিভিন্ন রাজনৈতিক নেতার শেল্টারে থেকে স্বপন এলাকায় মাদক ও অস্ত্র বিক্রি করে আসছিল দিনের পর দিন। ফতুল্লা পাইলট স্কুল এলাকায় স্বপনকে একাধিক ব্যাক্তি শেল্টার দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। র্যাব-৩ এর সদস্যরা শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার মতিয়ারা মঞ্জিলে বোদেন স্বপনের বাসায় অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা বোদেন স্বপনের ঘরে থাকা ফ্রিজের ভেতর থেকে একটি অস্ত্র এবং বাসা থেকে গুলি, এ্যামোনেশন, সাইলেঞ্জার, ৯টি সীম কার্ড ও ১’শ পিস ইয়াবা উদ্ধার করে।
আরো জানা গেছে, এর আগে ২০০৩ সালে বোদেন স্বপনকে ফতুল্লা পোস্ট অফিস রোডের রেইনবো মিলের ভেতর থেকে অস্ত্রসহ র্যাব-১১ সদস্যরা গ্রেফতার করেছিল। ঐ সময় তার সাথে অস্ত্র ব্যবসায়ী সিরাজ ও দেলুকেও গ্রেফতার করা হয়। এ মামলায় বোদেন ছিল ৩ নং আসামী। একটি সূত্র জানায়,বোদেন মূলত একজন অস্ত্র ব্যবসায়ী। জেলার ও জেলার বাইরের শীর্ষ সন্ত্রাসীদের কাছে তিনি অস্ত্র কেনা বেচা করতো। অপরদিকে সে বিভিন্ন উঠতি সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়া দিয়ে থাকে। অবৈধ অস্ত্রের প্রভাব দেখিয়ে এলাকায় জমি দখল থেকে শুরু করে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবী করতো বোদেন স্বপন ও তার সহযোগীরা। তিনি গ্রেফতার হলেও এখনও দাপা ইদ্রাকপুর এলাকায় অন্য মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা বর্তমানে গা ঢাকা দিয়েছে। তবে পরিস্থিতি কিছুটা শিথিল হলে পুনরায় বোদেন স্বপনের সহযোগীরা আবার মাথাচারা দিতে পারে বলেও আশংকা করছেন এলাকাবাসী।
আরেকটি সূত্রের দাবী, বোদেন স্বপন ফতুল্লা অঞ্চলে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়াও তিনি ফতুল্লা এলাকায় অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তবে ফতুল্লা মডেল থানায় শীর্ষ মাদক বা অস্ত্র ব্যবসায়ী হিসেবে তার নাম কোনোভাবে আনা হয়নি। কোনো অদৃশ্য হাতের ইশারায় তার নাম হয়তো শীর্ষ মাদক বা শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আনা হয়নি বলে অনেকে মনে করেন।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান দৈনিক যুগের চিন্তাকে বলেন, বোদেন স্বপনকে র্যাব অস্ত্রসহ গ্রেফতার করে একটি মামলা দায়ের করেছে। শীর্ষ মাদক বিক্রেতা বা সন্ত্রাসীর নামের তালিকায় বোদেনের নাম নেই প্রসঙ্গে তিনি বলেন, আমার সময়ে শীর্ষ মাদক বা সন্ত্রাসীদের নামের তালিকা হালনাগাদ করা হয়নি। এর আগে যারা দায়িত্ব পালন করেছেন তারা বোদেন স্বপনের নাম তালিকায় নাম দিয়েছিলেন কিনা তা তালিকা দেখে দেখে বলতে হবে।


