Logo
Logo
×

নগরের বাইরে

২৪ বছর পর বাড়ি ফিরলেন ছেলে

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৯:১১ পিএম

২৪ বছর পর বাড়ি ফিরলেন ছেলে
Swapno

২৪ বছর আগে মা মেহেরুন বেগমের সঙ্গে একদিন বড় বোনের বাসা ঢাকায় বেড়াতে যান ছয় বছর বয়সের জয়নাল আবেদীন। সেখানে গিয়ে জয়নাল হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি তাঁর পরিবার।  সম্প্রতি আর জে কিবরিয়ার ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হলে জয়নালের পরিবারের নজরে আসে বিষয়টি।

 

পরে যোগাযোগ করে গতকাল শনিবার জয়নালকে তাঁর পরিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসে। দীর্ঘ ২৪ বছর পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুব খুশি তাঁর পরিবার। সেই ছোট জয়নাল (৩০) এখন বড় হয়েছেন। নিজের পছন্দের একটি মেয়েকে বিয়েও করেছেন। তিনি এখন এক ছেলে ও এক মেয়ের বাবা। জয়নাল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মামুরদী গ্রামের আবদুর রহমানের ছেলে। ১২ বছর আগে তাঁর বাবা অসুস্থ হয়ে মারা যান।

 

সরেজমিনে দেখা যায়, জয়নাল তাঁর ১০ বছরের একটি ছেলে ও তিন বছরের একটি মেয়ে নিয়ে পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন। তাঁর পরিবারও তাঁকে পেয়ে খুশি। তাঁর সন্তানদের আদর করছেন তাঁর চাচা, ভাই, ভাতিজাসহ অনেকে। এদিকে এত বছর পর বাড়িতে ফিরে আসায় তাঁকে দেখতে বাড়িতে ভিড়ও করছেন গ্রামের মানুষ। এ বিষয়ে কথা হয় জয়নাল আবেদীনের ছোট ভাই নোয়াব শরীফের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা যখন ছোট ছিলাম, ঢাকায় বেড়াতে গিয়ে জয়নাল হারিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। আমার মা জয়নালের জন্য সব সময় কান্নাকাটি করতেন। এখনো জয়নালের ব্যবহৃত জামাকাপড়, জিনিসপত্র আমার মা যত্ন করে রেখে দিয়েছেন।’

 

নোয়াব শরীফ বলেন, ‘কিছুদিন আগে জনপ্রিয় রেডিও উপস্থাপক আর জে কিবরিয়ার “আপন ঠিকানা” নামের একটি অনুষ্ঠানে আমার ভাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে আমাদের গ্রামের ছেলে মালয়েশিয়াপ্রবাসী আবুল কালাম বিদেশে বসে ভিডিওটি দেখে আমাকে খবর দেন। পরিচয় ও হারিয়ে যাওয়ার ঘটনা মিলে যাওয়ায় আমরা তাঁকে আনতে ঢাকা যাই। ২৬ জুন স্ত্রী-সন্তানসহ জয়নালকে ফিরে পাই। তারপর তাদের বাড়িতে নিয়ে আসি।’

 

পরিবার ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে জয়নাল আবেদীন বলেন, ‘আমি হঠাৎ হাঁটতে গিয়ে মাকে হারিয়ে ফেলি। পরে অনেক কান্নাকাটির পর শামসুল হক নামের একজন রিকশাচালক আমাকে তাঁর বাসায় নিয়ে যান। তাঁর বাড়ি ভোলা জেলায়। পরে তাঁকে রিকশাচালক তাঁর গ্রামের বাড়ি  ভোলার দৌলতখান উপজেলায় নিয়ে যান। সেখানেই আমার প্রায় ১০ বছর কাটে।’ এদিকে জয়নালও পরিবারকে খুঁজে পাওয়ার বিষয়ে আন্তরিক ছিলেন। পরে ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানের মাধ্যমে পরিবারকে খুঁজে পান। মেহেরুন বেগম বলেন, ‘ছয় বছর বয়সে হারিয়ে যাওয়া জয়নালকে আমরা ফিরে পেয়েছি। দীর্ঘ ২৪ বছর পর জয়নাল যেমন পরিবার পেয়ে খুশি, আমরাও তাঁকে পেয়ে অনেক খুশি।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন