বিপুল ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার ৪
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৯:৫৮ পিএম
নগরীর নিতাইগঞ্জ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৭৬২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৩ হাজার ৫ শত ৯০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকারও জব্দ করা হয়।
সোমবার (২৮ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব সদর দফতর থেকে পাঠানো র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা (পিএসসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ জাবেদ বেপারী (৩৮), ২। মোঃ হেলাল উদ্দিন (৪৪), ৩। মোঃ সাইফুল (২২) এবং ৪। দিলীপ চন্দ্র রায় (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রায় ডজনখানেক মামলার আসামী মোঃ জাবেদ বেপারী (৩৮) এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকায়। সে নারায়ণগঞ্জ জেলার একজন শীর্ষ মাদক ডিলার। গ্রেফতারকৃত অপর আসামী মোঃ হেলাল উদ্দিন (৪৪) এর বাড়ি নওগাঁ জেলার সদর থানাধীন দারিয়াপুর এলাকায়। সে একজন শীর্ষ মাদক সরবরাহকারী। এরআগে মাদক পরিবহনের দায়ে তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায় মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অপরাপর আসামী মোঃ সাইফুল (২২) এর বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন বাসন্দি এলাকায় এবং দিলীপ চন্দ্র রায় (২২) এর বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন রুইগা এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দিনাজপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ এর মাদক ডিলার মোঃ জাবেদ বেপারীর নিকট সরাবরাহ করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন ২০২১ তারিখে দিনাজপুর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার নিতাইগঞ্জ এলাকায় মাদক ডিলার মোঃ জাবেদ বেপারীর নিকট সরবরাহকালে র্যাব-১১ এর আভিযানিক দল কর্তৃক উল্লিখিত উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজাসহ আসামীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ তারা দেশের সীমান্ত জেলা দিনাজপুরসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


