ফতুল্লায় রাজা নামের এক ইজিবাইক চালককে জবাই করে হত্যার পর ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৯ জুন) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে ঘটে এ ঘটনা। নিহত রাজা (৫৫) ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন।
জানা যায়, কিছুদিন আগে রাজার স্ত্রী মারা যান। ফলে দিনের বেলায় ৮ বছরের শিশুকে দেখাশোনা করে রাতে ঘুম পাড়িয়ে ইজিবাইক চালাতেন। রাতের কোনো এক সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক ছিনতাই করতে হত্যার ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


