শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার-১
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৮:৫৩ পিএম
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামের বাড়ির পাশের কেন্দুয়াপাড়া বেপারীপাড়া জামে মসজিদের ২য় তলা ও ওজুখানার ছাদ থেকে বুধবার সন্ধ্যায় রামদা, ছোড়া, সামুরাই, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । এসময় কাউছার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় এলাকায় আধিপত্য বিস্তার ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের বালু ভরাটের কাজের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক এবং তার ছোট ভাই শফিকুল ইসলামের সঙ্গে ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে ইতিপূর্বে কয়েকদফা সংর্ঘষ ও একাধিক পাল্টাপাল্টি মামলাও হয়। গত ২৯ জুন মঙ্গলবার দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটানো হয়।
এ ঘটনায় উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে দু’পক্ষের লোকজন সটকে পড়ে। এসময় সফিকুল গ্রুপের এক সন্ত্রাসী কাওছার হোসেনকে আটক করে পুলিশ । পরে তার দেখানো তথ্য মতে পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলার (গ) সার্কেল সহকারি পুলিশ সুপার আবির হোসেন জানান, স্থানীয় প্রভাবশালী দুইটি রাজনৈতিক গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত চলছে এরই ধারাবাহিকতায় পুনরায় মহড়া দেয়ার উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদ করে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ আটককৃত যুবক কাওছার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মজুদকৃত অস্ত্রের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান তিনি।


