ফিরেছেন শামীম ওসমান, অপেক্ষায় ফতুল্লা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৭:২৫ পিএম
# জলাবদ্ধতা নিয়ে মানুষের নাভীশ্বাস, ভাসছে মানুষ
# আলোচনায় সদর উপজেলা ও ফতুল্লা ইউপি নির্বাচন
# অশান্ত ইসদাইর, কিশোরগ্যাং-মাদকব্যবসায় সয়লাব
# বিসিকের ঝুট ব্যবসা নিয়ে বেপরোয়া সন্ত্রাসীরা
শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতায় ফতুল্লার কিছু অংশের মানুষ নাকাল। এবার বর্ষার শুরুতেই গোটা ফতুল্লাবাসী যেন পানিতে ভাসছে। শামীম ওসমানের বড় মুখ করে বলা ডিএনডি প্রজেক্টের সুফল পাননি ফতুল্লাবাসী। এরমধ্যে আমেরিকায় পরিবারসহ গিয়ে আনন্দভ্রমণে বেরিয়ে পড়েন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।
একটি বিলাসবহুল ক্রুজে করে স্ট্যাচু অব লিবার্টি দেখতে যাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেন ফতুল্লাবাসী। তারা বলছেন, শামীম ওসমান শুধু কথাই পটু, কিন্তু কাজে নন। ফতুল্লাবাসীকে তিনি শুধু আশাই দেখিয়েছেন, কিন্তু দুর্ভোগ কমাতে কোন সহযোগিতা করেনন। আর যার কারণে ফতুল্লার ইসদাইর, পৌষা পুকুর পাড়, লালপুর, কুতুবপুরসহ বিস্তীর্ণ এলাকা পানিতে ভাসছে। কিন্তু এসবের সমাধান না করে শামীম ওসমান শুধু একে ওকে দায়িত্ব দিয়ে যান। আর তারা কাজের কাজ কিছুই করতে পারেননি। দিনশেষে ভোগান্তি থেকে যায় এই এলাকার মানুষের।
এদিকে সূত্র বলছে, শুক্রবার শামীম ওসমান তার স্ত্রীকে নিয়ে নিউইয়র্ক থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। এই সংবাদ ফতুল্লার কিছু মানুষের কাছে পৌঁছে যাওয়ায় তারা আশায় বুক বাঁধছে। তারা বলছেন, মানুষ পানিতে কত কষ্ট করছেন শামীম ওসমান যাতে সরেজমিনে সেখানে গিয়ে দেখেন। মানুষকে ভরসা দেন। এবং দ্রুত জলাবদ্ধ এসব এলাকার পানি সরানোর ব্যাপারে উদ্যোগ নেন। ফতুল্লাবাসী আর কথা শুনতে চায়না, তারা চায় এখানকার মানুষের দুর্ভোগ লাঘব হোক।
সূত্র জানিয়েছে, ফতুল্লার জলাবদ্ধতার কথা জানেন শামীম ওসমান। নানা সময় তিনি কখনো মীর সোহেল, কখনো শাহ নিজাম আবার কখনো ইউএনওকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু সেসব শুধু নির্দেশনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ফতুল্লাবাসীর কথা হচ্ছে, শামীম ওসমান গত নির্বাচনের আগে ফতুল্লা জোনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন উন্নয়নকাজের ফিরিস্তি দিয়েছেন। বলেছেন, জীবন-মানের পরিবর্তন ঘটবে এই এলাকার মানুষের। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের বদৌলতে ফতুল্লার মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছেনা। আর এসবের দায় এমপি শামীম ওসমান এড়াতে পারেননা।
লালপুর এলাকার বাসিন্দা নাম প্রকাশে যুগের চিন্তাকে জানান, এমপি শামীম ওসমান খুব ভালো বক্তা। কিন্তু তিনি মানুষের পাশে এসে দাঁড়াননা। বক্তৃতায় তার কথা যতই মধূর হোক না কেন, মানুষের কষ্ট লাঘবে তিনি কখনো নিজে সম্পৃক্ত হননা। তিনি বলেন, এতোদিন ধরে এই এলাকার মানুষ পানিতে কষ্ট করছে, এসব জানেন শামীম ওসমান। কিন্তু তিনি কখনো সরেজমিনে আসেননি। এমনকি কৃত্রিম জলাবদ্ধতার জন্য দায়ী আজাদ ডায়িং এর বিরুদ্ধেও তিনি কোন শক্ত এ্যাকশন নেননি।
এদিকে ফতুল্লার কয়েকটি সূত্র জানিয়েছে, শামীম ওসমান এবার দেশে ফিরে ফতুল্লাবাসীর জন্য কী উদ্যোগ নেন তার অপেক্ষায় রয়েছেন এই এলাকার মানুষ। দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশন ফতুল্লা অংশটি সিটি করপোরেশনের সাথে সংযুক্ত করতে ইচ্ছুক। তাছাড়া ফতুল্লার মানুষও দুর্ভোগে নাভীশ্বাস উঠে যাওয়ায় তারা সিটি করপোরেশনের সাথে যুক্ত হতে ইচ্ছুক। কিন্তু যেহুতু এটি এমপি শামীম ওসমানের নির্বাচনী এলাকার অংশ তার দরুণ তার মতামতেরও প্রয়োজন রয়েছে। এই একটি বিষয় অত্যন্ত জরুরী।
সূত্র জানায়, এমপি শামীম ওসমান দেশে আসার পর আরেকটি বিষয় নিয়ে ফতুল্লাবাসী জোর দাবি তুলবেন। সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন। দীর্ঘদিন ধরে এই দুটি জায়গায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় বর্তমানে দায়িত্বরত ব্যক্তিরা যতœশীলভাবে কাজ করছেননা। মানুষের কষ্ট লাঘবে তারা নিবেদিত হয়ে মাঠেও নামছেননা। আইনী জটিলতা বেশ কয়েকটি জায়গায় কমে গিয়েছে এমন আভাস পেয়েছেন স্থানীয়রা। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও এব্যাপারে সরাসরি মুখ খুলছেননা এমপি শামীম ওসমানের অপেক্ষায়। শামীম ওসমান দেশে ফিরে এখানকার নেতাকর্মীদের সাথে সাক্ষাতের প্রথম পর্বেই বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন সূত্র।
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ইসদাইরে কিশোরগ্যাং, মাদক ব্যবসা এবং ঝুট ব্যবসার দরুণ পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে। সূত্র জানায়, বিদেশে থাকা অবস্থাতেই এসব বিষয়ে এমপি শামীম ওসমানকে জানিয়েছেন এখানকার আওয়ামী লীগ নেতারা। দেশে ফিরে এসবের নিয়ে সমাধানের রাস্তা খুঁজবেন বলে জানিয়েছেন তিনি। বিসিকের কয়েকটি পক্ষ বেসামাল হয়ে পড়েছে। এছাড়া তারাই নানা মহড়ায় শহর ও শহরতলীকে উত্তপ্ত করে ফেলেছে। বলতে গেলে পরিস্থিতি পুরোপুরি বিশৃঙ্খল।
স্থানীয় নেতারাও কিছু সরাসরি বলতে পারছেননা। এই বিষয়টি নিয়ে বেশ জোরালোভাবে শামীম ওসমানের সাথে বসে সমাধানের জন্য বসবেন স্থানীয় নেতারা এমনটিই জানিয়েছে সূত্র। সূত্র জানায়, সব মিলিয়ে এমপি শামীম ওসমানের আমেরিকা সফরটা অত্যন্ত রোমাঞ্চকর ও আনন্দঘন কাটলেও তার নির্বাচনী এলাকার পরিস্থিতি ও মানুষের অবস্থা ঠিক এর উল্টো। এই ঘোলাটে পরিস্থিতি থেকে বের হতে শামীম ওসমান কি ধরণের ব্যস্থা গ্রহণ করেন সেই অপেক্ষায় রয়েছেন ফতুল্লাবাসী।


