সোনারগাঁয়ে ইজারা ছাড়াই কলেজ মাঠে পশুর হাটের প্রস্তুতি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৮:২১ পিএম
করোনা কালীন সময়ে অন্যান্য বছরের ন্যায় এবার ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাটের নেই কোন আগাম প্রস্তুতি। বর্তমান সময়ে করোনার প্রার্দূভার বেড়ে যাওয়ায় দেশব্যাপী সরকার কঠোর লকডাউন ঘোষণা দেওয়ার পরেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে কোরবানীর পশুর হাটের আগাম প্রস্তুতি।
সরকারী বিধিমালা অনুযায়ী, প্রতিবছরই ঈদের এক সপ্তাহ পূর্বে কোরবানীর হাটে পশু কেনাবেচা শুরু করা হয়। স্থানীয়ভাবে পশুর হাট বসানোর অনুমোদন দেয় উপজেলা প্রশাসন। চলমান কঠোর লকডাউনের এসময়ে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় সোনারগাঁ সরকারী কলেজ মাঠে গরুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক এখনো পর্যন্ত অস্থায়ী পশুর হাট বসানোর কোন অনুমতি কাউকে দেওয়া হয়নি। এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক হাটের সিডিউল বিক্রি কিংবা ইজারাদার নির্ধারণ না হলেও ইতিমধ্যেই সোনারগাঁ সরকারী কলেজ মাঠে বাঁশের খুঁটি পুঁতে হাটের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মুস্তাফা মুন্না বলেন, সোনারগাঁও সরকারি ডিগ্রী কলেজের পশ্চিম পার্শের খালি বালুর মাঠে অস্থায়ী কোরবানীর পশুর হাট বসানোর জন্য প্রস্তাব করেন। প্রতি বছরের ন্যায় এবারও প্রভাবশালীর নাম ভাঙ্গিয়ে হাটের অনুমতি না নিয়ে সোনারগাঁ সরকারি কলেজ মাঠে বাশেঁর খুটি পুঁতে হাটের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাট ইজারা ছাড়াই প্রস্তুুতি করতে কাজ করছেন হাটগুলোর আশপাশের স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের কয়েকটি সুনির্দিষ্ট প্রভাবশালী সিন্ডিকেট। সোনারগাঁ সরকারি কলেজ মাঠে অনুমতি না নিয়ে বাশেঁর খুঁটি পুতে তৈরি করা হচ্ছে গরুর বাধার স্থান। উপরে দেওয়া হচ্ছে সামিয়ানা। শ্রমিকরা জানান, আমরা মজুরিতে কাজ করছি। এই কলেজ মাঠে বাশঁ পুতে খুটি তৈরি করতে বলা হয়েছে।
এলাকাবাসী জানায়, করোনায় সোনারগাঁও সরকারি ডিগ্রী কলেজ বন্ধ থাকায় শিশু থেকে শুরু করে সকল বয়সের লোকেরা এই মাঠে খেলাধুলা করে। এই কলেজ মাঠে পশুর হাট দেওয়ার কারণে দীর্ঘদিনের জন্য শিশু কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। আবার হাটের সময় শেষ হলে গরুর বর্জ্যে পরিবেশও নষ্ট হয়। ওই সময় দুগর্ন্ধেএইদিক দিয়া মানুষও চলাচল করতে পারেনা। হাটের ইজারাদার সাইফুল ইসলাম বাবু জানান, এখনো হাটের ইজারা হয়নি। সোনারগাঁ সরকারি কলেজ মাঠে হাট বসাতে কারো অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে জানান অনুমতি নেওয়া হয়নি।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু জানান, সোনারগাঁও কলেজে পশ্চিম পাশের বালুর মাঠে জায়গা ছোট হওয়ায় প্রত্যেক বছরই কলেজ মাঠে কোরবানীর পশুর হাট বসায়। সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে গরুর হাট বসাতে অনুমতি দেওয়া হয়নি। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, অবৈধভাবে কেউ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে গরুর হাট বসালে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


