র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ লক্ষ টাকা জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১০:৪৪ পিএম
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা ও মাশাবো এলাকার ৩টি প্রতিষ্ঠানে বিষাক্ত সীসা ব্যবহার করে ব্যাটারী উৎপাদন এবং সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অপরাধে ‘জিইউজো ইন্ড্রাষ্ট্রিজ লিঃ’ নামক প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ এনামুল কবির (৩২)’কে ২ লক্ষ টাকা, ‘লিমিনা গ্রুপ’ এর ম্যানেজার মোঃ আরিফ (২৮)’কে ২ লক্ষ টাকা এবং ‘রিমসো ব্যাটারী এন্ড কোম্পানী প্রাইভেট লিঃ’ এর মোঃ মোস্তাকুর রহমান (৪৫), মোঃ জালাল উদ্দিন (৫২) ও মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫)সহ প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করে র্যাব-১১ এর অভিযানিক দল।
সোমবার (১২ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত সীসা ব্যবহার করে কিছু ব্যাটারী কারখানা নিয়ম বহির্ভুতভাবে ব্যাটারী প্রস্তুত করে আসছে। উক্ত বিষয়ে একাত্তর টিভি, ডিবিসি নিউজসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। বিষয়টি র্যাব-১১ এর দৃষ্টিগোচর হলে গোয়েন্দা অনুসন্ধান পরিচালনা করে ঘটনার সত্যতা খুুঁজে পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১১ জুলাই ২০২১ তারিখ ১১.০০ থেকে ১৬.০০ ঘটিকা পর্যন্ত র্যাব ফোর্সেস সদর দপ্তর ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উক্ত অভিযানে নিয়মমাফিক সঠিক বায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করে নিয়ম বহির্ভুতভাবে ব্যাটারী উৎপাদন বন্ধ করতে উক্ত প্রতিষ্ঠান ০৩টি’কে সতর্ক করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে নিয়ম বহির্ভুতভাবে পরিচালিত ব্যাটারী কারখানার বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।


