বন্দরে ড্রেন মেরামতের কাজ করার সময় পাশের দেয়ালচাপা পড়ে দুই দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- দিনমজুরদের সরদার হৃদয় (৩৫) ও দুলালী (৩০)। আহত নারীর নাম জানা যায়নি।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া চান মিয়া জানান, ঠিকাদারের মাধ্যমে তারা ১১ জন নারায়ণগঞ্জ বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার একটি স্কুল সংলগ্ন রাস্তার পাশের ড্রেনের মেরামত কাজ করছিলেন। ড্রেনে নেমে মাটি খনন করার সময় পাশের দেয়ালটি হঠাৎ তাদের উপর ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলালীর স্বামী আলতাফ হোসেন জানান, তারা স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করছিলেন। দুপুরে কাজ করার সময় তার স্ত্রী দেয়ালের নিচে চাপা পড়েন। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ঘাট লক্ষ্মীপুর গ্রামে। থাকতেন ওই এলাকাতেই।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।


