আমার পোলারে ছাড়া ভাত খামু ক্যামনে?
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:২৪ পিএম
তিন সন্তানের জননী লিলি আক্তার। বসবাস করেন রূপগঞ্জের কর্ণগোপ ৫ নম্বর ক্যানেল এলাকায়।১৫ বছর আগে লিলিকে ছেড়ে স্বামী অন্য জায়গায় সংসার পাতেন। বড় ছেলে ইসমাইল এসএস পাইপ কারখানায় ইলেকট্রনিকের কাজ করে। মেজো ছেলে ইব্রাহীম সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এম ডব্লিউ কলেজে পড়ছে।
সন্তানদেরকে নিয়ে ভালোই দিন কাটছিল তাঁর জীবন।কিন্তু গত ৮ জুলাই সজিব গ্রুপের হাশেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানার আগুনই যেন সব এলোমেলো করে দিল! ভয়াবহ অগ্নিকান্ডের পর থেকেই তার ছোট সন্তান রিপন ইয়াসিন(১৮) নিখোঁজ রয়েছেন।১৮ বছরের এই তরুণ সলিম উদ্দীন কলেজে প্রথম বর্ষে পড়ার পাশাপাশি সংসারে অর্থের যোগান দিতে ৬ মাস আগে ওই কারখানায় কাজ শুরু করেন। সন্তানকে না পেয়ে পাগলপ্রায় মা লিলি আক্তার বিলাপ করে বলেন, আমার পোলারে (রিপন ইয়াসিন) ছাড়া ভাত খামু ক্যামনে?
তিনি বলেন, হেইদিন সকাল ৮ টায় কাজে যাওনের পর শইল খারাপ লাগায় আমার পোলায় ১১ টায় ঘরে আইয়্যা পড়ছিল।পরে ওর মাথায় আমি পানি দিয়া মাথা মুইছা দেওনের পর কিছুক্ষণ শুইয়্যা থাইক্কা ভাত না খাইয়্যা আবার কামে গেছিলো। বাইরেরতে কিছু খাওনের লাইগ্যা আমি ২০ ট্যাকা হাদছিলাম। লয় নাই আমার পোলায়।
লিলি বলেন, স্বামী নাই। কতো কষ্ট কইরা পোলাডারে লেহাপড়া করাইছি।সংসারে অভাব থাকায় কামে লাগছিলো। আমার পোলার মতোন পোলা হয় না। উল্লেখ্য, গত ৮ জুলাই রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ জন মারা গেছেন।


