পুলিশকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ১০:২৭ পিএম
সদর উপজেলার ফতুল্লায় এএসআই দিপাংকর কুমারকে ছুরিকাঘাত করে পালানোর সময় নাজমুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (৪ আগস্ট) রাতে ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই দিপাংকর কুমারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং ছুরি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দিপাংকর কুমার সঙ্গীয় ফোর্সসহ নাজমুলকে আটক করে। এ সময় নাজমুল সুইচ গিয়ার ছুরি দিয়ে দিপাংকর কুমারের পেটে আঘাত করে।
এরপর আবার ছুরিকাঘাতের চেষ্টা করলে সেটি দিপাংকর হাত দিয়ে ঠেকাতে গেলে মারাত্মক জখম হয়। এসময় নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় ২৫০ ইয়াবা ও একটি সুইচ গিয়ার ছুড়িসহ তাকে গ্রেফতার করে।


