সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলা টেঁটাবিদ্ধ নারীর মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১০:২৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে টেঁটাবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১ দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। নিহত ওই নারীর নাম শাহিদা বেগম। তিনি আলগীর চর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী।
বুধবার বিকেলের হামলার ঘটনায় ১০জন আহত হন। আহতের মধ্যে আরো এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। আহতরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে ব্যবসায়ী মো. সাদেকুর রহমান বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিহত নারীর ময়না তদন্ত শেষে দুপুরে আলগীরচর সামাজিক কবরস্থানে দাফন করা হয়। অপ্রতিকর ঘটনা এড়াতে ওই এলাাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ব্যবসায়ী সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে হাবিবুর রহমানের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিচার সালিস ডাকা হয়। বিচার সালিশ অমান্য করে হাবিবুর রহমান সালিশে উপস্থিত হননি। গত বুধবারও এ জমির বিরোধ মিমাংসায় বিচার সালিশের আয়োজন করা হয়। এ সালিশেও হাবিবুর রহমান উপস্থিত না হয়ে দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা, ছেনদা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা করে।
এতে বাঁধা দেওয়ায় হাবিবুর রহমানের নেতৃত্বে জিয়া, জামিল হোসেন, মোহাম্মদ হোসেন, মনির হোসেন, রাব্বী, ফারুকসহ ১০-১৫জনের একটি দল সাদেকুর রহমানের লোকজনের উপর হামলা চালায়। এসময় টেঁটাবিদ্ধ, রামদা ও হকিস্টিকের আঘাতে হয়ে মো. মনির হোসেন, দেলোয়ার হোসেন, শাহিদা বেগম, হামিদা,শারমিন, রেজাউল ও শাকিল আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শাহিদা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও দেলোয়ার হোসেনের অবস্থা আশংকাজনক। এদিকে বৃহস্পতিবার রাতে শাহিদা বেগম মারা যাওয়ার খবর ছড়িয়ে পরলে অভিযুক্তরা তাদের বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যায়। অপ্রতিকর ঘটনা এড়াতে ওই এলাাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্যবসায়ী সাদেকুর রহমান বলেন, স্থানীয় ইলিয়াসের কাছ থেকে আমার বাড়ির পাশ্ববর্তী একটি ৩৭ শতাংশ জমি এক বছর আগে ক্রয় করি। এ জমি ইলিয়াস দীর্ঘদিন ধরে ভোগ দখল করেছেন। সম্প্রতি আমি ক্রয় করার পর এ জমির মালিকানা দাবি করেন হাবিবুর রহমান। তার এ জমিতে মালিকানা থাকলে সালিসে মাতবর প্রধানদের মাধ্যমে মিমাংসা করুক। তিনি শালিসে উপস্থিত না হয়ে জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছেন। বাধা দেওয়ায় আমার দশ আত্মীয় স্বজনকে টেঁটাবিদ্ধ ও পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আহত শাহিদা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, টেঁটাবিদ্ধ ও পিটিয়ে ও কুপিয়ে আহতদের মধ্যে শাহিদা বেগম নামের একজন মারা যান। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপ্রতিকর ঘটনা এড়াতে ওই এলাাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


