নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত লালমিয়ার চর ব্রিজ। ব্রিজটির দু’পাশের সংযোগ সড়কের অবস্থা একেবারেই নাজুক। গত কয়েক দিনের বৃষ্টিতে মাটির তৈরী ওই সড়কটি এবড়ো থেবড়ো হয়ে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লালমিয়ার চর সহ আশপাশের এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কের মাটি এবড়ো-থেবড়ো হয়ে পড়ায় এখন চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। গাড়ি চলাচলের সময়ে প্রায় সময়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। সড়কটি দ্রুতই সংস্কার করা প্রয়োজন।
জানা গেছে, লালমিয়ার চর ব্রিজের সংযোগ সেতু সংস্কারের জন্য গত প্রায় আট মাস আগেই টেন্ডার কাজ সম্পন্ন হয়। সাহেদ নামে এক ব্যক্তি এই কাজের কন্ট্রাক্ট পেয়েছেন। কিন্তু দীর্ঘদিনেও এই কাজ সম্পন্ন করতে পারেননি। বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘লালমিয়ার চরের ব্রিজের সংযোগ সড়কটি এখন বেহাল অবস্থায় আছে। এই সড়ক দিয়ে এখন গাড়ি চলাচল করতে পারছে না।
গত প্রায় ৮ মাস আগে সড়কটি সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়। কিন্তু এখনো কাজ সম্পন্ন হয়নি। আমি কন্ট্রাক্টরের সাথে ইতিমধ্যে কথা বলেছি। তার স্ত্রী মারা গিয়েছে। তাছাড়া, করোনার কারণেও কাজে ব্যাঘাত ঘটেছে। তাই প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি। তবে, বর্তমানে কাজ চলমান আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে।’


