জলাবদ্ধতায় আক্রান্ত ও উন্নয়ন বঞ্চিত দাপা উচ্চ বিদ্যালয়ের রাস্তা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৪:৩৬ এএম
ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার রাস্তাটির এক দিকে হয়নি কোনো উন্নয়ন। অপরদিকে সারা বর্ষা জুড়েই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
ফলে পায়ে হেটেও এই রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ নেই। এলাকাবাসী জানিয়েছে এলাকাটির উন্নয়নের দায়িত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এটা তারই এলাকা। তিনি নিজে উন্নয়ন করবেন বলে এলাকাটিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যেতে দেননি বা গঠন হতে দেননি কোনো পৌরসভা। কিন্তু শামীম ওসমান কোনো উন্নয়নই করছেন না। তিনি হয়তো জানেনই না আমরা কি অবস্থায় আছি।
কারন তিনিতো কখনোই অত্র এলাকায় আসেননি। এলাকাবাসী আরো বলেন বাস্তবতা হলো আমাদের খুবই দূর্ভাগ্য যে আমরা এমন একটি এলাকার বাসিন্দা। এখানে ভালো কিছুই হচ্ছে না। উন্নয়ন নিয়ে কারো কোনো পরিকল্পনা নেই। আর এমন একজন আমাদের নেতা যার সাথে আমাদের দেখা সাক্ষাৎ নেই।
তারা আরো বলেন, এলাকার চেয়ারম্যান মেম্বারদের সাথে যোগাযোগ করলে তারা বলেন এমপি কাজ করবেন। তাদের কোনো বাজেট নেই। তাই আমাদের দূর্ভোগের কোনো শেষ নেই। রাস্তা ভাঙ্গা, তাই সারা বছর এই ভাঙ্গা রাস্তা দিয়ে আমাদেরকে চলাচল করতে হয়। তার উপর বর্ষাকালে টানা পাঁচ মাস এই রাস্তায় পানি জমে থাকে। ফলে আমরা আসলে চরম দূর্ভোগের মাঝে জীবন যাপন করছি। মনে হয় এই অবস্থা থেকে আমাদের আর মুক্তি নেই।


