তুলাভর্তি কাভার্ডভ্যানে ২২ কেজি গাঁজা উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১০:২৮ পিএম
সোনারগাঁ থানার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা হতে ঢাকাগামী গার্মেন্টস তুলাভর্তি একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১ এর অভিযানিক একটি দল।
মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃ আসামীরা হলো: ১। মোঃ আনোয়ারুল ইসলাম (৩৪), ২। নুরুল ইসলাম (৫৯) এবং ৩। মোঃ দুলাল মিয়া (২৯)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
র্যাব জানায়, ১০ আগস্ট ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা হতে ঢাকাগামী গার্মেন্টস তুলাভর্তি একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ২২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আনোয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার আদিতমারী থানার বড় কমলাবাড়ী এলাকার মোঃ হোসেন আলী এর ছেলে, হেলপার মোঃ দুলাল মিয়া একই জেলার একই থানাধীন পূর্ব দৈলজের এলাকার মোঃ আশরাফ আলীর ছেলে এবং অপর আসামী নুরুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে তুলাভর্তি কাভার্ডভ্যানযোগে অভিনব কৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় বিক্রয় ও সরাবরাহের উদ্দেশ্যে পরিবহন করে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


