Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় লিফটের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের অস্বীকার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৭:১০ পিএম

ফতুল্লায় লিফটের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের অস্বীকার
Swapno

ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় ক্রোনী গ্রুপের পোশাক কারখানায় একটি লিফটের তার ছিঁড়ে প্রবীণ বৈদ্য (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে কারখানার ডাইং সেকশনে এই ঘটনা ঘটে। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি লিফটের তার ছিঁড়ে নয়, প্রবীণ বৈদ্য মারা গেছে স্ট্রোক করে। কারখানাটির মালিক বিকেএমইএ’র সাবেক সহসভাপতি আসলাম সানি। প্রবীণ বৈদ্য’র গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

 

এ বিষয়ে কারখানার শ্রমিকেরা গণমাধ্যমকে জানায়, ডাইং সেকশনের নিচতলা থেকে ফেব্রিকের (কাপড়) বোঝা নিয়ে লিফট দিয়ে দ্বিতীয় তলায় যাচ্ছিলেন প্রবীণ। সে সময় লিফটের তার ছিঁড়ে যায় এবং কাপড়ের ভারী বোঝা প্রবীণের শরীরের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের  (ভিক্টোরিয়া) জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল হোসেন বলেন, হাসপাতালে ঐ শ্রমিকের মরদেহ নিয়ে আসা লোকজন জানিয়েছে তার শরীরের উপর কাপড়ের ভারী বোঝা পড়েছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার স্বজনরা মৃতদেহ নিয়ে গেছে।

 

তবে ঐ কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু জাফর দাবি করেন, লিফটের তার ছিঁড়ে কিংবা কাপড়ের বোঝার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়নি। এখানে কর্মরত অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করে প্রবীণ বৈদ্যের মৃত্যু হয়েছে।

 

প্রবীণ বৈদ্যের মৃত্যুর বিষয়ে তার ভাই প্রশান্ত কুমার মোবাইলে জানান, কারখানায় লিফটের তার ছিঁড়ে যাওয়ার পর কাপড়ের ভারী বোঝা তার শরীরের ওপর পড়েছিল বলে আমরা শুনেছি। ভাইকে আমরা এখন গোপালগঞ্জ নিয়ে যাচ্ছি।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, কারখানায় একজন শ্রমিক নিহতের বিষয়ে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিদর্শনের পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন