আলীরটেক আ’লীগকে মাইনাস করে সভার আয়োজন
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৭:০৩ পিএম
# আলীরটেক আওয়ামীলীগের কেউ নেই : আলী নূর
# আলোচনা ছাড়াই হয়েছে কমিটি
# তৃণমূলে চলছে তুমুল সমালোচনা
সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগকে নিয়ে বিতকের্র রেশ শেষ না হতেই এবার আলীরটেক ইউপি আওয়ামী লীগকে নিয়ে তৈরী হয়েছে সমালোচনা। একই সাথে এই ইউনিয়নের আওয়ামী লীগকে নিয়ে নতুন বিতর্ক হতে চলেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কর্মীরা। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা তৈরী হয়েছে।
এদিকে ১৪ আগষ্ট শনিবার ডিক্রিচর এস.কে ওয়াই কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে বলে জানা যায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে দাওয়াতি কার্ডে উল্লেখ করা হয়, আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন কমিটি আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠন।
এই কমিটির আহবায়ক করা হয় নামধারী আওয়ামী লীগ নেতা আলী নুর মোল্লাকে এবং সদস্য সচিব করা হয় সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকনকে। কিন্তু তারা কেউ আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের কোন পদ পদবীতে নেই। আলীরটেক আওয়ামী লীগ নেতাদের সাথে কোন ধরণের আলোচনা না করেই এই কমিটি করা হয় বলে অভিযোগ করেন কয়েকজন নেতা।
অভিযোগ উঠেছে গোগনগরের মত এই ইউনিয়নের আওয়ামী লীগকে বিভক্ত করতে এই আয়োজন। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মাইনাস করে হাইব্রিড নেতাদের মাধ্যমে এই আয়োজন করা হয় বলে জানান তৃণমূল নেতা কর্মী।
আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি নুরুজ্জামান সরকারের নেতৃত্বে শোক দিবস পালন করা হতো। কিন্তু এবছর তিনি না থকায় হাইব্রিড কিছু নেতা শোক দিবস উদযাপন কমিটি বানিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যা নিয়ে অনেক নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে।
তারা অভিযোগ করে বলেন, শোক প্রকাশ বা পালন করা যায়। কিন্তু শোক দিবস উদযাপন করা যায় না। তারা কিভাবে শোক দিবস উদযাপন কমিটি করেছে তা আমাদের বোধগম্য নয়। এখানকার আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনা না করে কার্ডে তাদের নাম দেয়া হয়। আমরা এই অনুষ্ঠানকে বর্জন করলাম। কেননা, এই ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে শোক দিবসকে উদযাপন করে নাই। শোক দিবস পালন করেছে।
তাদের এই কমিটির নাম নিয়ে বিতর্ক আছে। সেই সাথে এই কমিটির নাম নিয়ে বঙ্গবন্ধুর শোক দিবসকে খাটো করা হয়েছে। যা আমরা মেনে নিতে পারি না। আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাব উদ্দিন বলেন, ১৪ আগষ্ট শোক দিবসের উদযাপন কমিটি নিয়ে আমি এখনো কিছুই জানি না। আমাকে জানানো হয় নাই। আলীরটেক আওয়ামী লীগতো আর মরে যায় নাই। তারা কার সাথে আলোচনা করে এই উদযাপন কমিটি করেছে।
নতুন করে কিছু পাতি নেতা হয়ে এই ধরনের কমিটি করে তারা দলে বিতর্ক তৈরী করতে চায়। আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ পাটোয়ারি জানান, তারা আমাদের সাথে কোন ধরণের আলোচনা না করে এই কমিটি করেছে।
তবে শুনেছি ১৪ আগষ্ট শোক দিবস উপলক্ষে আলীরটেক ইউনিয়নের শোক দিবস উদযাপন কমিটির মাধ্যমে আলোচনা সভা করা হবে। সেখানে জেলার সেক্রেটারি ভিপি বাদল উপস্থিত থাকবে। তার সম্মান রক্ষার্থে আমরা ওইখানে উপস্থিত থাকবো। আলীরটেক জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক আলী নুর মোল্লা বলেন, আমরা আশির দশকের পর থেকে আওয়ামীলীগ করি।
এই অনুষ্ঠান টা সম্পূর্ণ জেলার সেক্রেটারি বাদল ভাইয়ের নির্দেশে করা হয়েছে। ইউনিয়নে বঙ্গবন্ধুর কাঙ্গালী ভোজ করবে এমন কেউ নাই। একই সাথে আলীরটেক ইউনিয়নে আওয়ামী লীগের কেউ নেই। জেলার শীর্ষ নেতার মতামতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করি।


