নিখোঁজের ৩দিন পর বুড়িগঙ্গা থেকে কিশোরীর লাশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৯:৪১ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে রাজধানীর যাত্রাবাড়ি মিরাজীবাগ এলাকা থেকে নিখোঁজের ৩দিন পর মালা আক্তার নামে এক কিশোরী বধূর ভাসমান লাশ উদ্ধার করেছে কোষ্টগার্ড। শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ফতুল্লার তালতলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে পুলিশ। নিহত মালা আক্তার(১৭) যাত্রাবাড়ি মিরাজীবাগ এলাকার নূর নবীর একমাত্র মেয়ে।
পাগলা কোষ্টগার্ড সদস্যরা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের অনুরোধে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। নিহতের চাচা নুরুজ্জামান জানান, মালা স্থানীয় একটি স্কুলে ৯ম শ্রেনীতে পড়তো। এক বছর আগে মিরাজীবাগ এলাকার ইঞ্জিনিয়ার গলির মতিউর রহমান মোল্লার ছেলে মজিবুর রহমানের (২০) সঙ্গেপ্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে মালা ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের সংসারে অশান্তি চলছে। কারনে অকারনে প্রায় সময় মালার উপর অমানুষিক নির্যাতন চালাতো মজিবুর।
এতে সহ্য করতে না পেরে মালা বাবার বাড়ি চলে আসতো। পরে মজিবুর এসে জোর করে তার বাড়িতে মালাকে নিয়ে যেতো। গত ১১ আগস্টও মালাকে মারধর করলে সে বাবার বাড়ি চলে আসে। তিনি আরো জানান, সে দিনই (১১ আগস্ট) সন্ধ্যার পর মজিবুর এসে মালাকে তার বাবার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মালা নিখোঁজ। তখন সন্ধেহ হলে মজিবুরকে আটক করে স্থানীয় থানা পুলিশে হস্থান্তর করেছি।
আটকের পর মজিবুর জানিয়েছে তার সামনে থেকে মালা পোস্তগোলা ব্রীজ থেকে নদীতে লাফিয়ে পড়েছে। কিন্তু মালার লাশে আঘাতের চিহ্ন বলছে তাকে নির্যাতন করে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। এ বিষয়ে আটক মজিবুরের বিরুদ্ধে মামলা করবো।


