মদনপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১১:০৩ পিএম
মদনপুরে চলন্ত বাসে পেছন থেকে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তিনজন নিহত এবং আহত হয়েছে অন্তত ১০-১২ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর স্টিল মিলের সামনে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহমুদা (৩২), রাসেল ও অজ্ঞাতনামা এক নারী। নিহত ৩ জনই বন্দরের মদনপুরের ইপিলিওন নামক রপ্তানীমুখি পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে শিল্প পুলিশ জানান, ইপিলিওন কারখানায় প্রায় ১৭০০ শ্রমিক কাজ করেন। অন্যান্য দিনের মতো সন্ধ্যা ৭টায় ছুটি হওয়ার পর নাফ নামের একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিল। বন্দর স্টিল মিলের সামনে পৌঁছাতেই সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক গাড়ি ধাক্কা দিলে বাসের ১০-১২ জন আহত হয় এবং ৩ জনের মৃত্যু হয়।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চলন্ত বাসে পেছন থেকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এছাড়া ওই বাসের আরো ২ যাত্রীকে আল বারাকা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


