নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ১১:২৬ পিএম
বন্দর মদনগঞ্জের ইসলামপুর এলাকায় বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ মিরাজ (১৩) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী (ডুবুরী) দল।
মঙ্গলবার (২৪ আগষ্ট) দুপুর ১টায় বন্দরের মদনগঞ্জ এলাকার সামিট পাওয়ার প্লান্ট সংলগ্ন পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মিরাজ। একদিন নিখোঁজ থাকার পর বুধবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি পুকুরের ঝোপ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী (ডুবুরী) দল। নিহত মিরাজ মদনগঞ্জ ইসলামপুর এলাকার মোঃ বেলায়েত হোসেনের ছেলে।
নিহতের বাবা বেলায়েত হোসেন জানান, মিরাজ বকুলতলা মডেল স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী। দুপুর ১টার দিকে এলাকার অন্যান্য ছেলেদের সাথে গোসল করতে পুকুরে নামে। বন্ধুরা সকলে পুকুরে গোসল সেরে উঠলেও মিরাজ তাদেরকে একটু পরে উঠবে বলে জানায়। কিছুক্ষন পরে ওর বন্ধুরা ওকে দেখতে না পেয়ে পরিবারের সকলকে জানায়। পরে আমি কাজ শেষে বাড়ী ফিরে পুকুরের সকল স্থানে খুজলেও মিরাজকে পাইনি।
পরে স্থানীয় আরো কিছু যুবক পুকুরে প্রায় ৪ ঘন্টা খোজাখুজি করলেও নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিকেলে বন্দর ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান অব্যাহত রাখে। পরদিন সকাল ১০টা দিকে পুকুরের ঝোপ থেকে তার মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী (ডুবুরী) দল।


