ফতুল্লায় গাড়ি ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ০৭:১৮ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের মূল হোতাসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার (২৭ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় র্যাব। এই সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৩টি ছোরা, ১টি চাইনিজ কুড়াল, ৬টি মোবাইল ও নগদ ১২ হাজার টাকা উদ্ধারসহ ৩টি পিকআপ ও ১টি সিএনজি জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, ছিনতাই চক্রের মূল সমন্বয়ক আজিম উদ্দিন (৩৮), রফিক উল্লাহ (২৬), সেলিম (৫০), কামরুল হাসান (২৬) ও ওমর ফারুক (২৫)। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, বিগত ৫/৬ বছর ধরে এই কাজ করে যাচ্ছে। তারা সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের সদস্য। এই চক্রে ১৫ থেকে ২০ জন সদস্য জড়িত আছে এবং তাদের মূল হোতা ও সমন্বয়ক গ্রেপ্তারকৃত আজিম উদ্দিন।
এই সিন্ডিকেটের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক গাড়ি ছিনতাই করেছে। এই পর্যন্ত এই চক্রটি গাড়ি ছিনতাইয়ের মাধ্যমে কোটি টাকার অধিক কারবার করছে বলে জানায়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।


