আড়াইহাজারে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৯:৫০ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মো. শামীম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে অভিযোগ দেয়ার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মৃত আসকর আলীর ছেলে।
এ ঘটনায় ভিকটিম নিজেই অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, গত ২৫ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে সেখান থেকে জোর করে শৌচাগারে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। বাহির থেকে আসতে দেরি হওয়ায় স্বামী খুঁজতে আসলে অভিযুক্ত শামীম ও তার সহযোগি আনোয়ার দৌড়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘অভিযোগ পাবার পর আমরা প্রধান আসামিকে দ্রুত গ্রেফতার করেছি। বাকিদেরও দ্রুত গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।’


