নারায়ণগঞ্জের ফতুল্লায় সিএনজির ধাক্কায় আব্দুর রহমান (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার গলাচিপা থানায়। সে স্বপন মিয়ার ছেলে। আব্দুর রহমান তিন ভাইয়ের সবার ছোট। নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শিপন জানান, শিশু আব্দুর রহমানসহ তিন চারজন মিলে দোকানে কিছু কেনার জন্য যাচ্ছিল, রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি সিএনজি দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে শিশু আব্দুর রহমান রাস্তায় ছিটকে পড়ে, পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


