Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে কে পাবে নৌকা প্রতীক?

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

সোনারগাঁয়ে কে পাবে নৌকা প্রতীক?
Swapno


# মনোনয়ন পত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা
# ছয় প্রার্থীর পক্ষে বিপক্ষে পৃথক বলয়
# প্রতীক পেতে চলছে লবিং-দৌঁড়ঝাপ, চলছে অর্ন্তদ্বন্দ্ব  
 
গত ২২ জুলাই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন। এরপর গত ২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই উপ-নির্বাচন। ইতিমধ্যেই দলের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন আওয়ামী লীগের প্রতীক প্রত্যাশিরা।


এরমধ্যে গতকাল ঢাকার ধানমন্ডি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা মনির হোসেন, আহবায়ক কমিটির সদস্য ও উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার। আমেরিকায় থাকায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শামসুল ইসলাম ভূইয়ার পক্ষেও দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাছাড়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মাহফুজুর রহমান কালামও দলের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।  


এদিকে, ছয়জন প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত কে পাবেন আর কে হারাবেন নৌকার প্রতীক, তা নিয়েই আলোচনা চলছে সর্বত্র। সূত্র বলছে, ছয় প্রার্থীর পক্ষে বিপক্ষে পৃথক বলয় তৈরী হয়েছে। নৌকার প্রতীক পেতে বলয়গুলো পৃথক ভাবে প্রচেষ্টা চালাচ্ছে। উপজেলা, জেলা ও কেন্দ্র পর্যন্ত চলছে মনোনয়ন প্রার্থীদের দৌড়ঝাপ। প্রত্যেকেই তাকিয়ে আছেন কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দিকে।     


বিশ্লেষকরা বলছেন, নৌকার প্রতীক পেলে চেয়ারম্যান নির্বাচিত হওয়া কেবল সময়ের ব্যপার। কেননা, এই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিএনপি ও জাতীয় পার্টি অংশ নিচ্ছে না বলে জানা গেছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও হেভীওয়েট কারও নাম শোনা যাচ্ছে না। তাছাড়া, আওয়ামী লীগের প্রতীক প্রত্যাশীদের মধ্যে যারা প্রতীক বঞ্চিত হবে, তাদের মধ্যে কেউ বিদ্রোহী প্রার্থী হবে না বলেও তারা বক্তব্য রাখছেন। এক্ষেত্রে যার ভাগ্যে দলের মনোনয়ন জুটবে, তিনিই হবেন সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান- এমনটাই মনে করছেন বোদ্ধামহল।


তবে, প্রার্থী একাধিক থাকায় কে পাচ্ছেন নৌকার প্রতীক তা হলফ করে বলা যাচ্ছে না। সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি একাধিক হওয়ায় ভেতরে ভেতরে একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন। নেতায় নেতায় চলছে অর্ন্তদ্বন্দ্ব। যদিও এর বর্হিপ্রকাশ ঘটেনি এখনো। আগামীতে এই অর্ন্তদ্বন্দ্বের বর্হিপ্রকাশ ঘটবে কিনা, তা নিয়েও শঙ্কা প্রকাশ করছে তৃণমূল। যদিও আগ্রহী প্রার্থীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকার প্রতীক তুলে দেবে, দলের স্বার্থে তার পক্ষেই কাজ করবেন তারা।


জানতে চাইলে নৌকা প্রতীক প্রত্যাশি উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু বলেন, ‘দলের মনোনয়ন ফরম ক্রয় করেছি। প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করবেন, তাকেই মনোনয়ন দেবেন। আমি ভাইস চেয়ারম্যান পদে ১৩ হাজার ভোট ব্যবধানে জয়ী হয়েছি। চেয়ারম্যান পদেও যদি আমার প্রতি আস্থা রাখে, তাহলে নৌকার বিজয়ের মাধ্যমে সেই আস্থার প্রতিদান দেব। আর নৌকা প্রতীক না পেলে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো।’


নৌকা প্রত্যাশি মনির হোসেন বলেন, ‘ঢাকা থেকে দলীয় ফরম সংগ্রহ করেছি। আমি প্রতীক পাওয়ার বিষয়ে আশাবাদি। প্রতীক না পেলেও যাকে মনোয়ন দেবে, তার পক্ষেই কাজ করবো।’   


নৌকা প্রতীক প্রত্যাশি রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘আমি নির্বাচন করতে আগ্রহী। সেই লক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা দেয়, তাহলে আমি দলের প্রতীক নিয়ে নির্বাচন করবো। আর প্রতীক না পেলে যাকে দেবে, তার পক্ষেই কাজ করবো।’


উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি আশাবাদি যে, আমাদের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাকে সমর্থন করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার প্রতীক দেয়, তাহলে বিজয় অর্জনের মাধ্যমে এর প্রতিদান দেব ইনশাআল্লাহ।’


এদিকে, গতকাল পর্যন্ত মাহফুজুর রহমান কালাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ না করলেও আজ তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং নৌকা প্রতীক পেলে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। একই সাথে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশাও তার শতভাগ।


এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা জেলা কমিটির কাছে পাঠাবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি। জেলা কমিটি থেকে তালিকা পাঠানো হবে কেন্দ্রে। অতঃপর যাচাই-বাছাইয়ের মাধ্যমে কেন্দ্র থেকেই আসবে চুড়ান্ত সিদ্ধান্ত। কেন্দ্র থেকেই নির্ধারণ করা হবে আওয়ামী লীগের প্রার্থী। এমনটাই জানিয়েছেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। তাই কে পাচ্ছেন নৌকার প্রতীক, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোনারগাঁবাসীর মাঝে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন