হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং থেকে নবজাতকের লাশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩১ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে পরিত্যক্ত গাড়ি রাখার ডাম্পিং থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে পরিত্যক্ত একটি ব্যক্তিগত গাড়ির নিচ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়। নবজাতকের বয়স এক দিন বলে ধারনা করছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বুধবার রাতে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে জানান, কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাশে অজ্ঞাত এক ব্যক্তি কাপড় দিয়ে পেঁচিয়ে এক নবজাতককে ফেলে রেখে গেছেন।
খবর পেয়ে পুলিশ মৃত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে। নবজাতকের লাশ রাতেই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


