নাজিমউদ্দিন ভূঁইয়া’র ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০১ পিএম
বন্দর উপজেলার মদনপুরের ঐতিহ্যবাহী নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজের প্রতিষ্ঠাতা ও মদনপুর ইউপি’র প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব নাজিমউদ্দিন ভূঁইয়া’র ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র কলেজে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, ‘নাজিমউদ্দিন ভূঁইয়া অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। যার ফলে এলাকার শিক্ষার্থীরা স্বল্প খরচে শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছে এবং ব্যবসা, চাকুরি সহ বিভিন্ন পেশায় সম্পৃক্ত হয়ে নিজের জীবনকে আলোকিত করতে পেরেছে। তাই আমরা এই শিক্ষানুরাগীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি’।
তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকার অত্র কলেজে একটি ভবন নির্মাণ করে দিয়েছেন। জেলা পরিষদের বরাদ্দ থেকে কলেজে প্রবেশের একটি সড়ক, গেইট ও বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই আরো একটি ৪ তলা ভবন নির্মাণের কাজ শুরু হবে। শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে লেখাপড়া করে এবং ভালো ফলাফল অর্জন করে অত্র কলেজের সুনাম বৃদ্ধি করলেই নাজিমউদ্দিন ভূঁইয়ার পরিশ্রম স্বার্থক হবে’।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান খাঁনের পরিচালিত দোয়ায় ও সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের গভর্নিং বডি’র অভিভাবক সদস্য নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক নিজামউদ্দিন চৌধুরী, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া সহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৫ সালের ১৬ সেপ্টেম্বর নাজিমউদ্দিন ভূঁইয়া মৃত্যুবরণ করেন।
তিনি এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান ভূঁইয়া’র সন্তান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আব্দুস সাত্তার ভূঁইয়ার ছোট ভাই এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া’র বড় ভাই। তিনি মদনপুর ইউনিয়ন পরিষদের টানা ২০ বছর চেয়ারম্যান এবং মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়েরও টানা ২০ বছর পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে টানা ১৫ বছর এবং বাংলাদেশ জুট এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।


