বন্দরে ৩০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মামুন গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩ পিএম
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে বাড়ির ফলসাতে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামী আব্দুল্লাহ আল মারুফ ওরফে মামুন (৩১)কে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বন্দর থানার কুশিয়ারা দক্ষিনপাড়া এলাকার জনৈক কালাম মিয়ার ভাড়াটিয়া ঘরে বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধারসহ ঐ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল মারুফ ওরফে মামুন বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকার কামাল মিয়ার বাড়ি ভাড়াটিয়া এবং একই এলাকার মৃত ইসহাক মিয়ার পুত্র।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় বন্দর কুশিয়ারার কামাল মিয়ার বাড়ি সামনে অভিযান চালিয়ে একটি নেভী রং এর স্কুল ব্যাগে রক্ষিত ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আব্দুল্লাহ আল মারুফ ওরফে মামুনকে গ্রেফতার করতে সক্ষম হলেও এসময় আরো দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিযে যায়।
পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মামুনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার স্বীকারউক্তি মোতাবেক জনৈক কালাম মিয়ার ভাড়াটিয়া ঘরের ফলস তল্লাশী চালিয়ে ২ প্লাস্টিক ব্যাগে রক্ষিত ৩০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


