রূপগঞ্জে ৯ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াটেক এলকার মৃত আঃ রউফ মিয়ার মেয়ে রাত্রি আক্তারকে (১৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাড়িয়ারটেক এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। রাত্রি আক্তার ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী। রবিবার সকালে রাত্রি আক্তারের চাচা গাফফার মিয়া বাদী হয়ে অপহরণকারী হাবিবুল্লাহ মোল্লাসহ দশ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তার মেয়ে তমা আক্তার ও ভাতিজি রাত্রি আক্তার শনিবার সকালে পাশ্ববর্তী এলাকার জাকির মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হয়। পথিমধ্যে অপহরণকারী হাবিবুল্লাহ মিয়া ও তার সহযোগী আনিজুল, ইয়ামিন, মারফত, ফয়সাল, হাসান ও জব্বার মিয়া শিক্ষার্থী তমা আক্তার এবং রাত্রি আক্তারের পথরোধ করে। একপর্যায়ে একটি মাইক্রোবাসে তুলে তমাকে ফেলে রেখে রাত্রি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, অভিযোগ পেয়েছি। স্কুল শিক্ষার্থী রাত্রি আক্তারকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


