সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেফতার ৩
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ পিএম
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় মিজানের বাড়ির ৩য় তলায় আয়শা আক্তার নামে দুই বছরের এক কন্যা শিশুকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৯। এ ঘটনায় মরিয়ম আক্তার বেবী (৪৫), সুমাইয়া আক্তার বৃষ্টি (২২) ও মো. আকাশ (২৪) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিলের নেতৃত্বে একটি দল ভুক্তভোগী শিশু আয়শা আক্তারকে উদ্ধারে ঘটনাস্থলে যায়। মামলার আসামীরা শিশু আয়শাকে উদ্ধার করতে দেবেনা বলে চিৎকার চেচামেচি করতে শুরু করলে এক পর্যায়ে আসামীরা এসআই শওকত জামিলসহ তার সঙ্গীয় সদস্যদের উপর হামলাও চালায়।
এ ঘটনায় এসআই শওকত জামিলসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসীন ও নারী কনস্টেবল সুমী বড়ুয়া আহত হয়। তারা সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


