প্রধানমন্ত্রীর জন্মদিন কায়েতপাড়ায় ১৪৪ ধারা জারি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৯ পিএম
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সোমবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সমগ্র এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ নুসরাত জাহান ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ সময় পাঁচ বা ততোধিক লোকের জটলা, সমাবেশ, অস্ত্র বহন, ঘুরাঘুরি কিংবা মাইক বা হর্ণ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওয়ামীলীগের একাংশ ও অনুপ্রবেশকারীরা একাধিক স্থানে দুই গ্রুপের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের উদ্যোগ নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটে এবং উত্তেজনা দেখা দেয়। মিছিল-পাল্টা মিছিল বের করা হয়। তখন সরেজমিন পরিদর্শন করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ নুসরাত জাহান এ আদেশ জারি করেন।


