নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেবেন ৩৩তম বিসিএস কর্মকর্তা রিফাত ফেরদৌস। তিনি সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তাকে সেখান থেকে নারায়ণগঞ্জ সদর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
গত ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরাকে মানিকগঞ্জে বদলি করা হয়। ওই জেলা তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। চলতি বছরের এপ্রিলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আরিফা জহুরা। ৫ মাসের মাথায় তাকে বদলি করা হয়।
নারায়ণগঞ্জে যোগদান করার পরের মাসেই জাতীয় কলসেন্টার ৩৩৩ তে খাদ্য সহায়তা চাওয়া এক বৃদ্ধকে শাস্তিস্বরূপ উল্টো ১০০ জনকে খাদ্য সহায়তা প্রদানের নির্দেশ দিয়ে বিতর্কে জড়ান ইউএনও আরিফা জহুরা। ঘটনাটি সারাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনায় ইউএনও’র বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত কমিটিও গঠিত হয়।
এরপর চলতি মাসে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বীর মুক্তিযোদ্ধা খাজা মহিউদ্দিনের মৃত্যুতে গার্ড অনার প্রদানের সময় অন্তত এক ঘন্টা দেরি করে আসেন ইউএনও আরিফা জহুরা। এ নিয়ে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার হয়। এই ঘটনার সপ্তাহখানেক পর ইউএনও’কে বদলির নির্দেশ আসে।


