কলাগাছিয়ায় চেয়ারম্যান পদ ছিনিয়ে নেয়ার স্বপ্নে আ’লীগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৯:০০ পিএম
# সেলিম ওসমানের আগাম ঘোষণায় বিভ্রান্তি
# তৃণমূল আওয়ামীলীগ ঐক্যবদ্ধ
# আওয়ামী লীগের যে কেউ পেলে আপত্তি নাই, জাপায় এলার্জি
সব জল্পনা কল্পনা বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর বন্দরের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে চলছে দলীয় প্রার্থী নির্বাচনের প্রস্তুতি। এর আগে সেলিম ওসমান এমপি’র বর্তমান চেয়ারম্যান মেম্বারদের পুনরায় দায়িত্বে চাওয়ার বক্তব্যে নিরাশ হয়ে পড়েছিলেন বন্দরের নির্বাচন করতে ইচ্ছুক বিভিন্ন দলের নেতৃবৃন্দ। নির্বাচন না হওয়ার সম্ভাবনায় বেশী হতাশায় ছিল আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ। এখন নির্বাচনের আলোচনায় নতুন করে হিসেব কষছেন তারা। এরই মধ্যে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিশ্বাস এবার তাদের দলের মনোনয়ন নিয়ে যিনি প্রার্থী হবেন তারা তার পক্ষ হয়েই কাজ করবেন এবং নির্বাচনে তিনিই জয়ী হবে।
কলাগাছিয়ার তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা জানান, এবারের নির্বাচন আগের গুলোর চেয়ে আলাদা। আমাদের এবার পুরোপুরি সুযোগ আছে দলীয় প্রার্থীকে নির্বাচিত করার। তারা বলেন, অনেক বছর হয়ে গেল বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী থাক অবস্থায়ও বন্দর এখন পর্যন্ত এ থেকে বঞ্চিত আছে। তাই এবার আমরা স্বপ্ন দেখছি, এবং আমাদের এবার মাঠ পর্যায়ে সমর্থনও অনেক ভাল। সুতরাং এবার আমরা ইউনিয়ন চেয়ারম্যান পদটি জয়ী হয়ে কিছুটা হলেও বন্দর আওয়ামী লীগের নেতৃত্বের অভাব কিছুটা হলেও ঘুঁচবে।
এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন (বিএ) বলেন, এবারের নির্বাচনে আমিও প্রার্থী হতে ইচ্ছুক। এই বিষয়ে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের মিটিং হয়েছে সেখান থেকে তিন জনের নাম প্রস্তাব করা হয়েছে। দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার তাকেই আমরা প্রার্থী হিসেবে মেনে নিয়ে তার জন্য কাজ করব। তিনি আলাদা স্বতন্ত্র প্রর্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দলের সমর্থন নিয়ে প্রার্থী হতে চাই। দল যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে আমার আলাদা র্নিবাচন করার কোন ইচ্ছা নেই। দল যাকে দিবে আমি তার হয়েই কাজ করব।
তবে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক ইব্রাহীম কাশেম এ বিষয়ে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদের প্রার্থীর জন্য আমরা তৃণমূলের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের কলাগাছিয়া ইউনিয়নবাসি এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের নাম প্রস্তাব করেছি। এই প্রস্তাবটি বন্দর উপজেলা আওয়ামী লীগের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিশ্চিত করার পর আমরা তার জন্য সবাই মাঠে কাজ করব।
নির্বাচনের বিষয়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেন, তৃণমূল থেকে আমার নাম প্রস্তাব দেয়া হয়েছে এখন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচিত হওয়ার বিষয় আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন বলে জানান তিনি।


