বুড়িগঙ্গায় দুই বাল্কহেডের মাঝে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ০৮:২৬ পিএম
নারায়ণগঞ্জ সদরের বুড়িগঙ্গা নদীতে এক বাল্কহেড থেকে আরেক বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে আতিফ আফনান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোল্ডস্টর ঘাটে এ ঘটনা ঘটে। সকাল ১০টায় আতিফ আফনান নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও নৌ পুলিশের সহযোগিতায় দুপুরের পর নদীতে তার লাশ উদ্ধার করা হয়। ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্র ছিল সে। ল²ীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ির শাহাদাত হোসেনের ছেলে আব্দুল আফনান। বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করতো।
আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদরাসায় চলে আসে। আজও আগেই আসছে। সকাল ৯টায় সে মাদরাসা থেকে সহপাঠীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে আসে। সারিবাধাঁ বাল্কহেডের একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় তার পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে যায় সে। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে দুপুরের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। সাঁতার জানতো না আফনান।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে জানতে পারলাম ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও নৌ পুলিশের সহযোগীতায় ছাত্রটির মরদেহ উদ্ধার করা হয়েছে।


