কাঁচপুরে পর্ণ ভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের দায়ে গ্রেফতার ৪
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৫:২৮ পিএম
সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে ৪ অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এ সময় আটককৃত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ৭টি সিপিইউ, ১৪টি কার্ড রিডার, ১টি পেনড্রাইভ এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো: ১। মোঃ রাসেল মিয়া (২৫), ২। মোঃ লিমন মিয়া (২৫), ৩। উত্তম চন্দ্র দাস (২৫) এবং ৪। মোঃ বিল্লাল হোসেন (২৬)।
র্যাব জানায়, ২০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে ৪ অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় এ অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ৭টি সিপিইউ, ১৪টি কার্ড রিডার, ১টি পেনড্রাইভ এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রাসেল মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বাহারপুর এলাকার মৃত রেজান মিয়ার ছেলে, মোঃ লিমন মিয়া ঢাকার ডেমরা থানার ডেমরা এলাকার মোঃ আতাব উদ্দিনের ছেলে, উত্তম চন্দ্র দাস টাঙ্গাইলের সদর থানার চারাবাড়ি এলাকার মৃত কানাই এর ছেলে এবং মোঃ বিল্লাল হোসেন কুমিল্লার দাউদকান্দি থানার নোয়াদ্দা এলাকার আব্দুল বারেক এর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনে লাভলী কমপ্লেক্সে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।
অসাধু ব্যবসায়ী চক্রটি শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে টাকার বিনিময়ে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। যুব সমাজকে অধঃপতনের হাত থেকে বাঁচাতে অশ্লীল ছবি ও পর্ণ ভিডিও সরবরাহকারী অসাধু ব্যবসায়ীদের বিরূদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জেলার সোনারগাঁ থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


